নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে
মাসিক সংখ্যা জুলাই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাসিক সংখ্যা জুলাই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

ওরা গলা টিপে মারে
শুভাশিস্ চক্রবর্ত্তী


কত বর্ণমালা গেঁথেছি,
কত শব্দ দিয়েছি তোমায়,
আজ বাক্যময় আক্ষেপ শুধু কাঁদে।
রোজকার কমা, দাড়ি তেও তোমার ছোঁয়া,
সেদিন ও নেমেছিল চাঁদ আমার ছাদে।

এ লেখা শুধু লেখা নয়,
মাঝে মাঝে কত ভয় হয়,
উনুনের আঁচে জ্বলবে না তো !!
যেমন তুমি জ্বলেছিলে পাহাড়পুরের মাঠে।

এ কথা বলার নয়, বোঝার,
নামহীন কাব্যের মতই তোমায়,
কি সুখ পেয়েছিল তোমায় পুড়িয়ে ?

অঙ্কুরে তুমি ছিলে কত স্বপ্ন,
কত গাছে কত পাখি,
নিচে পথিকের শূন্য আসন আজ ও খালি।

বর্ণমালা ক্রমশ শুকিয়ে যায়।
ওরা গলা টিপে মারে তোমার বাক্য।



কালানুক্রম // বদরুদ্দোজা শেখু

অলকানন্দা গঙ্গাকে পবিত্র জল আমরা বলেছি
থান আখড়া মাজার  মঠকে পবিত্র স্থল আমরা করেছি
অরুণ বরুণ পবনকে দেবতা করেছি,সমুদ্রও দেবতা,
রুদ্র প্রকৃতিকে তুষ্টকল্পে বলির রুষ্টতা
আমাদের জড়ভরত মনের ফসল ,আমরা গুহামানব অসহায় প্রাণী
প্রতিকূল পরিবেশে পরিকীর্ণ জন্মজন্মান্তর
গ্রাসাচ্ছাদনে জননে ব্যতিব্যস্ত ,হিংসা হানাহানি আমাদের বুনো উত্তরাধিকার ---
তার কোনো ইতি কোনো কালে ঘটবে ব'লে আমি
বিশ্বাস করি না । গোষ্ঠীদ্বন্দ্ব আধিপত্যবাদ
আমাদের রক্তের ইন্ধন যাকে বলে প্রজাতি- জিনোম
'ওম্ শান্তি ওম্ শান্তি ওম্'  কেউ কেউ ছড়ান হৃদয়ে
অসময়ে আতরের বাণী ভীষণ উদ্বায়ী
স্থায়ী সমাধান ব্যর্থ প্রাণপাত,দিঙ্নাদে পরমবাদের ব্যঙ্গ হাততালি ।বিশ্বযুদ্ধগুলো সব ঘরগেরস্থালি - - পলাশীর প্রান্তর আজো  ভারতভূমির বেদনা,বঙ্গভূমির বেদনা।।