নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে
কবি পাপিয়া মন্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবি পাপিয়া মন্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

রিটার্ন গিফ্ট/সেরা উপহার
--------
বাবা-মা দুজনেই চাকরি করায়, খুব ছোটোবেলা থেকেই দিনের বেশিরভাগ সময়টাই ঠাম্মির কাছে থাকতো আহেলি। একটু বড় হলো, তখন দুপুরবেলা, ওকে হোমটাক্স করতে বসিয়ে,  ঠাম্মিও একটা মোটা মতন খাতা নিয়ে তাতে কি সব যেন লিখতেন।
আহেলি অনেকবার দেখতে চাইলেও, উনি বারবার বলতেন --"বড় হও, তখন দেখাবো।"
প্রতিবার জন্মদিনে ঠাম্মিকে প্রণাম করে বলতো:-- "এবার তো বড় হয়েছি।"
এইভাবে ওর আঠারোতম জন্মদিনে ওর হাতে সেই খাতা তুলে দেন ঠাম্মি।

আহেলি অবাক হয়ে পড়ে, কি সুন্দর সুন্দর কবিতা!

আজ ঠাম্মির সত্তরতম জন্মদিন।  আহেলি খুব ঘটা করে পালন করলো। অনেক অতিথি অভ্যাগত।
ঠাম্মির হাতে উপহার তুলে দিলো। মোড়ক খুলে দেখলেন, ওনার কবিতাগুলো বইয়ের ভিতর। জীবনের সেরা উপহার পেয়ে, আহেলিকে বুকে চেপে ধরে কেঁদে ফেললেন।
       ********
   পাপিয়া মণ্ডল

বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

তোমার পাগলি
-----------
আমার স্বপ্নেরা আকাশ ছুঁতে চায় নি কখনো,
ইচ্ছেরা বলেনি উড়ে যাবো ডানা মেলে।
বাস্তবের  মাটিতে দাঁড়িয়ে, শান দিয়েছি আশায়,
ভালোবাসার কাছেও চাহিদা বড়ই এলেবেলে!

 আমার কাছে ভালোবাসা মানে নয় প্রাণ বাজি রাখা,
হিংস্র ষাঁড়ের চোখে লাল রুমাল বাঁধা নয়,
নয় একশো আটটা নীলপদ্ম খুঁজে আনা ,
কিংবা ট্রয়ের যুদ্ধের পুনরাবৃত্তিও নয়।

আমার ভালোবাসার কাছে আমি অকপট হতে চাই,
চাই যখন তখন যা খুশি বায়না করতে,
শ্রাবণের সন্ধ্যায় ফুচকা খাওয়ার আবদার
কিংবা...
 জোৎস্না রাতে তোমার হাতে হাত রেখে অনেকটা পথ হাঁটতে।

অনবরত হাসি ঝুলতে থাকা ঠোঁটের কোণে,
সব আবদার পূরণের নাম তুমি।
যে কথাটা সবসময় পুষে রাখো মনে,
"পাগলি - তোকে ছাড়া অসম্পূর্ণ আমি"।
                  *****

পাপিয়া মণ্ডল

সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

সুখের সন্ধান
-----------
জীবনের সব পাওয়াকে বোধহয় পাওয়া বলে না।
আবার সব না পাওয়াতেও, দুঃখ হয় না কখনো।
পাওয়া, না পাওয়ার সূক্ষ্ম সীমারেখাটা খুবই ঠুনকো।
ধনাত্মক বা ঋণাত্মক ভাবনাতেই, তার আশ্রয়।

মনে আমি যদি পেয়েছি ভাবি কিছু,
সেটা ভেবেই কাটিয়ে দিতে পারি, অযুত-নিযুত বছর।
আবার পেয়েও যদি পাই নি ভাবি,
শত চেষ্টাতেও শান্তি খুঁজে পাবো না তিনভুবনে।

যা কিছু পেয়েছি,  সেইটুকুই সম্বল করে,
 যা পাই নি, তার আক্ষেপ না রেখে,
নিজের মতো করে এগিয়ে চলতে পারা মানুষগুলো,
জীবনে সত্যিই সুখের সন্ধান পায়।
     ************
     পাপিয়া মণ্ডল

সোমবার, ১ এপ্রিল, ২০১৯

যদি ভাবো
------
যদি ভাবো আমায় কষ্ট দিলে,
তোমার ভালো থাকা হবে।
তবে দিও, অনিঃশেষে তাই ই..
বুক ভরে নিয়ে যাবো আমৃত্যু।

যদি ভাবো আমাকে অবহেলে,
তুমি খুঁজে পাবে অপার সুখ।
তবে, তাই কোরো নির্দ্বিধায়..
তবুও, চেয়ে থাকবো তোমার পথেই।

যদি ভাবো, একটুও কথা বলবে না,
তাতে তোমার অনেকটা লাভ হবে।
তবে, চুপ করেই থেকো আজীবন..
 তবুও,  শোনার জন্যই  কান পেতে থাকবো।

যদি ভাবো, তোমার এতো চেষ্টায়,
একদিন আমি চলে যাবো ঠিক।
হ্যাঁ, চলে হয়তো যাবো...
তবে সেই দিনটাই হবে, জীবনের শেষদিন।
     *******
  পাপিয়া মণ্ডল

বুধবার, ২৭ মার্চ, ২০১৯

GOOGLE ISSUE


কবি পাপিয়া মণ্ডল ২১ শে ডিসেম্বর ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। বৈবাহিক সূত্রে তিনি বোলপুর শান্তিনিকেতনে বসবাস করেন । তিনি ইংরাজী সাহিত্যে স্নাতকোত্তর। খুব সাধারণ আর সাধারণ হয়েই থাকতে চান লেখিকা। বিভিন্ন লিটিল ম্যাগাজিনের নিয়মিত লেখেন।
প্রকাশিত গল্পগ্রন্থ :-- কালো মেয়ের উপাখ্যান। (২০১৯ কোলকাতা আন্তর্জাতিক বইমেলা)।