নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বুধবার, ৩১ জুলাই, ২০১৯

: #শেষ_দৃশ্য
#মুনমুন_মুখার্জ্জী

এসেছে আজ আমার কাছে সব আপনার জন,
বহুদিন পর এল এই আনন্দের ক্ষন,
মনে হচ্ছে অতীত যেন ফিরে এল আবার,
বর্তমান জীবনকে যেন করতে চনমন।

কান্না হাসির কত গল্প, কত স্মৃতিচারণ,
সুখ দুঃখ মিশিয়ে হল মধুর বাতাবরণ,
অবাক হয়ে আমি শুধু দেখে শুনে যাই,
নির্বাক শ্রোতার এই  উপভোগ দারুণ।

পুরোনো স্মৃতি ঘাঁটতে গিয়ে হয়ত অকারণ,
চিকচিক করে ওঠে কারো চোখের কোণ,
কারোবা চোখ মুখ দিয়ে অঝরে মুক্ত ঝরে
ভিজে যায় তাতে আমার এ শরীর মন।

বৃথায় চিৎকার করে উঠতে চাইল মন,
"কোথায় ছিলে বল আমায় তোমরা এতদিন,
খোঁজ নিলেনা, একাকী কাটল শেষটা আমার--
দেখা করার সময় হয় নি কি একদিন?"

কিন্তু সেকথা থেকে যায় মনে মনেই,
কোনো কথা আজ বলার উপায় যে নেই,
নির্জীব শরীর ঘিরে কেন যে শোক মানায়,
মনের চাপা কষ্ট থেকে আমার মুক্তি নেই।

কেউ এসেছে নাটক করতে, কেউবা দেখতে,
কেউবা সত্যি করে আমার খোঁজ করতে,
ভালবাসার জোয়ার এসেছে আজ এ ঘরে,
সবাই এসেছে আজ শুধু শেষ বিদায় জানাতে।


: #সুদখোর
#মুনমুন_মুখার্জ্জী

ছোট্ট ছেলে বাবাকে শুধায়
ব্যাঙ্কে সবাই টাকা জমায়,
ব্যাঙ্ক সে টাকা নিজে খাটায়
নির্দিষ্ট সময় বেশি ফেরত দেয়।
বই বলে সুদ হল বেশি যা দেয়
তবে তো দেখি সবাই সুদ খায়,
কিন্তু সুদখোর তারা কেন নয়
সাহায্যকারীর কেন বদনাম হয়?
বাবা বলেন শোনো তবে
যুক্তিতে কি সব এক হবে?
ওরকম সাহায্য ব‌্যাঙ্কও করে
সুদটা নেয় তবে কান ধরে।
সুদখোরেরা -- আদায় করে
লাঞ্ছনা আর অপমান করে।
সুদের হারটাও হয় বেশ চড়া
আসলের টিকি তো যায় না ধরা
জীবন চলে যায় ঋণশোধ করতে
দিন দিন ঋণ থাকে শুধু বাড়তে।


: #কিছু
#মুনমুন_মুখার্জ্জী

কিছু মানুষ থাকে যাদের বোঝালেও বোঝে না,
কিছু মানুষ থাকে যাদের মানা করলেও মানে না,
কিছু মানুষ থাকে যাদের অভিযোগ থাকে না,
কিছু মানুষ থাকে যারা ক্ষমা করতে ভোলে না।

কিছু মানুষ থাকে যাদের অহংকার কমে না,
কিছু মানুষ থাকে যাদের নালিশ করা থামে না।
কিছু মানুষ থাকে যারা খুঁত না ধরে পারে না।
কিছু মানুষ থাকে যারা কে কি বললো দেখে না।

কিছু মানুষ থাকে যারা লোক ঠকাতে ছাড়ে না।
কিছু মানুষ থাকে যাদের ঠকেও শিক্ষা হয় না,
কিছু মানুষ থাকে যারা অভাবেও বলদায় না,
কিছু মানুষ থাকে যারা সুযোগের ব্যবহার করে না।

কিছু মানুষ থাকে যারা ছেঁকা দিতে ছাড়ে না,
কিছু মানুষ থাকে যারা নিন্দা করতে ছাড়ে না।
কিছু মানুষ থাকে যারা দুঃখকে বড় করে দেখে না,
কিছু মানুষ থাকে যারা কখনো হাসতে ভোলে না।
: #জীবন
#মুনমুন_মুখার্জ্জী

জীবন বড়ই অদ্ভুত,
  বাঁধা ছকে চলে না,
    অঘটন ঘটে হটাৎ,
      তবু চলার পথ থামে না।

সে চলে চলার নিয়মে
  নিত্য নতুন খোঁজে পথ,
    থামার তো উপায় নেই
      মৃত্যুতে থামবে এ রথ।

জীবন যতই এগিয়ে চলে
  পরিচিত মুখ পথে হারায়,
    সময় কখনো বাধা দেয় তো
      মুখোশ হয় কখনো অন্তরায়।

তবু জীবন এগিয়ে যাবে
    বাঁচতে হলে লড়তে হবে,
       হাত গুটিয়ে বসে থাকলে
          মশা আনন্দে গান গাইবে।
মনখারাপি মেঘ//

আকাশটা কেমন থমকে আছে দেখো।
সারা সময় বৃষ্টি মাখছে গা'য় ।
জ্বরে যখন পুড়বে শরীরখানা
ধরতে ঠিক আসবে কবির পা'য়।

মনখারাপি দু-এক ফোঁটা
আমার কপাল ছুঁয়ে বুকের ওপর গড়িয়ে পড়বে।
রবিরশ্মি নিস্তেজ তবুও রুক্ষ লাগবে দুপুরটা।
আর অভিমানে ভাঙবো-গড়বো নিজেকে।

সকাল গড়িয়ে দুপুর
                                দুপুর থেকে বিকাল,
লাল আভাময় আকাশজুড়ে
সন্ধ্যে নামার তাড়া লাগবে।

অদ্ভুতভাবে আকাশের সেই জ্বরটা ছড়িয়ে পড়বে মনের ভেতর,
বাড়তে থাকবে অভিমান।
কেন??
সে বোঝেনি বলে তাই?
কি জানি।
হয়তো...

একাজে ওকাজে ব্যস্ত হবো
এক প্রকার জোরবশত বলতে পারো।
স্তব্ধ তবুও মনখারাপি ঘড়ি,
কাটতেই চাইবে না ব্যর্থ মুহূর্ত।

আকাশের কোল জুড়ে থোকা থোকা মেঘ যেমন
তার জন্যে প্রেমের বৃষ্টি ঝরায়,
আমিও তেমন অপেক্ষা সাজাবো,
অপেক্ষা করবো আসবে কখন সে,
অপেক্ষা করবো ভালোবাসবে কখন সে।
অপেক্ষা করবো।।

                                          ____শিল্পা মণ্ডল

(গুগল ইস্যু)
[30/07, 21:05] shilpa mandal. jholfhoring: //গোপন প্রেম//

অভিমানে অভিমানে সরে যাবো বহুদূরে,
চায়লেও পাবে না তখন তোমার প্রেমের সুরে।

চাইনি তো এত্ত আদর, রাশি রাশি ভালোবাসা,
চাইনি কখনো তোমার জমিয়ে রাখা গুচ্ছ সময়,
শুধু একটু,
কেবল একটু মনে কোরো প্রিয়
খোঁজ নেওয়াতে টুকরো মুহূর্ত কোরো ব্যয়।

কি চাই বলো ছোট্ট মন আরেকটি মনের থেকে!
দূরে থেকেও কাজের মাঝে যাতে একটু মনে রাখে।
পারবে না কো রাখতে মনে!
পারবে না কো বাসতে এমন!
তোমার বুকে উঠলে ঝড়, আমারও যে হয় মন কেমন।
কতটুকু বোঝ তুমি! না বোঝারই সংখ্যা বেশি,
ভাসবো না জেনেও আমি চুপিচুপি ভালোবাসি।
সময়ের কাঁটা ধরে ভিক্টোরিয়ার প্রাঙ্গণে
বা গঙ্গার ধারে হেঁটে বেড়ানোর অঙ্গীকার করিনি,
তবুও ফাঁকা রাস্তা হোক কিংবা সে কল্লোলিনী কলকাতা,
বলো কোথায় তোমায় মনে রাখিনি!!
তবুও বোঝ না। খোঁজো না প্রেম চোখের মাঝে,
তোমার আমার রাগ-অভিমান বুকের মধ্যে বড্ড বাজে।
আর না হয় নাহি বা বললাম "ভালোবাসি"
"ভালোবাসি"।
স্বপ্নতে না হয় হাঁটবো দুজন হাত ধরে
পাশাপাশি।।
     
                                             ____শিল্পা মণ্ডল
-কিরে কখন থেকে ডাকছি..
- ও তুই, শুনতে পাইনি..
- সকাল থেকে ফোন করছি ধরছিস না কেন?
- কই ,শুনতে পাইনি তো..
-নির্ঘাত আবার সাইলেন্ট করে রেখেছিস ,কই দেখি ,এই তো ঠিক ধরেছি ।।
- কি বলবি বল।।
- কি হয়েছে তোর? ভালো করে কথা বলিস না আজকাল?

তৃপ্তি হেসে সৌরভের হাতটা ধরে জানলার সামনে নিয়ে এসে দাঁড়ায়।।আর বলে .......

- কান পেতে শোন জল পড়ার শব্দ পাচ্ছিস ? ভিজতে খুব ইচ্ছে থাকলেও মারণ রোগটা আমায় ভিজতে দিলো না রে।।

বাইরে অঝোর ধারায় বৃষ্টি নামে।।


.........তন্মনা
 উলঙ্গ
~বিদিশা নাথ
রাস্তায় আজ সবাই নেমে পড়েছে
উলঙ্গ,উন্মত্ত, উন্মুখ।
সবাই হাঁটছে সজোরে,
হাঁটতে হাঁটতে ওরা সবাই,
রাজবাড়ীর ঠিক দোরগোড়ায় পৌঁছে যাবে।
দশটা সান্ত্রী, কুড়িটা বর্শা, দুটো লোহার শিকল।
শত শত উলঙ্গ সোজা শিরদাঁড়া দেখে ওরাও ভয় পেয়েছে।
আজ সব খুলে রেখে
স্তাবকতার জঞ্জাল,
পৃষ্ঠপোষকতার মোহ,
বাহবার মুখোশ,
তৈলমর্দনের ঘনিষ্ঠ আওয়াজ,
সব দুমড়ে মুচড়ে  ওরা শুধু শরীরটাকে সঙ্গে এনেছে।
নির্বাক,উন্মুক্ত স্পর্ধার শরীর টাকে।
উলঙ্গ এই মন গুলোই আজ
এই অচলায়তন ভেঙে ফেলবে এক নিমেষে।

অপেক্ষা
~বিদিশা নাথ
তুমি বুঝবে কি পরের বার?
আদৌ পরের বার বলে যদি কিছু থাকে?
যদি পরের বার অপেক্ষা করাও,
আমি অপেক্ষাতে থাকব।
যদি বলে যাও,'এ যাওয়া শেষ যাওয়া নয়",
"বছর খানেক পরে ফিরে আসব আবার সঠিক সময় হলে"।
হাতে অনেক সময় নিয়ে থাকব।
যদি বলে যাও,"পরের বার ঠিক আসব,
ঠিক সময়ই আসব"।
রেলগাড়ির ঝমঝম আওয়াজে,
লাইনদুটো যেমন চলতে থাকে পাশাপাশি ,
এজনম নয় সেভাবেই চলব।
তবু থাকব।
পরের জনম দেখবে মিশে যাওয়া,
ভুলে যাওয়া আর যা কিছু।
তবু মনে রাখব।
পরের বার এবারের দেওয়া কথা,
আঁকড়ে ধরে বাঁচব।


ছোট্ট গল্প
~বিদিশা নাথ
বাড়ি থেকে বেরিয়ে বুঝলাম পথ হারিয়েছি,
বাড়িতেই ফেলে এসেছি,
চশমা, লাঠি আর পুরানো শিরদাঁড়াটা,
মানে যা যা লাগে ভালো করে দাঁড়াতে আর দেখতে।
বাসের পাদানি তে দাঁড়িয়ে চিন্তা করলাম,
আমি কি দেখতে পেলাম!
উস্কো খুস্কো দাড়ি ওলা লোকটাকে?
যে পরম মমতায় মেয়েটার বুকে কনুই বোলাচ্ছে,
ওহ! আমি তো চশমা আনিনি!আনিনি শিরদাঁড়াও!
ছেলেটার মুখে অশ্রাব্য শব্দ,
আমি বোবা দৃশ্যপট নিয়ে দাঁড়িয়ে রইলাম,
আমি স্রোতের মধ্যে ভাসতে ভাসতে,
বাড়ি এলাম।
মিথ্যের দুর্গন্ধ ওলা একটা স্রোত।
এসে বুঝলাম ঘরের ভিতর 'আমি' টাকেই
 ফেলে এসেছিলাম আজ।

সোমবার, ৮ জুলাই, ২০১৯

বুঝতে পারি নি , সরি

অর্পনের ফ্লাটের দরজায় কলিং বেল টা বাজিয়ে কিছুক্ষন অপেক্ষা করলো সুদেষ্ণা। কিছুক্ষন বাদে অর্পনের কাজের দিদি মানুদা মাসি দরজা খুলে বললো , "বাবু স্নানে গেছে, তুমি বসো।" সুদেষ্ণা বসার ঘরের সোফায় বসে কিছুক্ষন বাদে অর্পনের ঘরে ঢুকে পড়লো। ঢুকতেই একটা চেনা গন্ধ তাকে আকৃষ্ট করলো যেন।
            অর্পনের ফ্ল্যাটের এই ঘরটা সুদেষ্ণার খুব পরিচিত। একই অফিসে চাকরি করতে করতে ওদের বন্ধুত্ব। একটা সময় এমন ছিল যে দুজন একে অপরের সাথে কথা না বলতে পারলে কারুরই মুড ভালো থাকতো না। দিনে অন্তত একবার করে অফিস থেকে ফিরে ফোনে কথা হতোই। সুদেষ্ণার বাড়ি পার্ক সার্কাস। অর্পণ উত্তরবঙ্গ থেকে এসে ফ্ল্যাট নিয়েছিল টেকনোপলিসের কাছেই। তবে রাজারহাটে অফিস শেষ হওয়ার পর দুজনেই করুণাময়ী অবধি মুড়ি খেতে খেতে ইভনিং ওয়াক করতো। তারপর সুদেষ্ণাকে শাটল গাড়িতে তুলে দিয়ে অর্পণ একটা বাসে করে ফ্ল্যাটে ফিরত। সুদেষ্ণা জানতো যে অর্পণ ওকে খুব পছন্দ করে। কিন্তু সে কখনোই অর্পণকে বোঝাতে দ্যায়নি যে সে জানে। অর্পণ কখনো কখনো আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছিল। সুদেষ্ণা হাবভাবে বুঝিয়ে দিয়েছিল যে সে বন্ধুত্বে এই ব্যাপারগুলো পছন্দ করে না। একদিন অর্পণ যখন মেসেজে বলেছিল "তোকে আমার ভালো লাগে", সুদেষ্ণা রিপ্লাই দিয়েছিল যে , "বন্ধুত্ব রাখার হলে এই মেসেজ গুলো মোবাইলে যেন না আসে, নাহলে বাধ্য হবো বন্ধুত্ব নষ্ট করতে।"
             তারপর থেকে অর্পনের দিক থেকে ওরকম মেসেজ সত্যিই আসেনি। বন্ধুত্বে ছেদও পড়েনি। শুধু অর্পণ একটু সামান্য শান্ত হয়ে গেছিলো। সুদেষ্ণা পরে ভেবেছিল যে ওরকম ভাবে বলা উচিত হয়নি, কিন্তু সে অবশ্য এসব নিয়ে বেশি ভাবেনি। সে ভেবেছিল ছেলেদের স্বাভাবিক গুন,মেয়ে বন্ধু দেখলেই ভালো লাগা , সেটারই একটা বহিঃপ্রকাশ মাত্র। এটাকে বেশি পাত্তা দেওয়া উচিত না, আস্তে আস্তে আবেগ কমবে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। অর্পণ কিছুদিন বাদে অন্য অফিসে চাকরি পেয়ে চলে যায়, ফ্ল্যাট টা রেখেই দেয়, কিন্তু যোগাযোগ কমে। অন্যদিকে সুদেষ্ণা নতুন প্রজেক্টের টিম লিড সৌম্য দা র সাথে কাজ করতে করতে তারই প্রেমে পড়ে ধীরে ধীরে রিলেশনে চলে যায়। সামনের মাসে ওদের বিয়ে। তারই কার্ড দিতে অর্পনের ফ্ল্যাটে আসা।
         সাতপাঁচ ভাবতে ভাবতে হটাৎ সুদেষ্ণার চোখ যায় অর্পনের ড্রয়িং খাতায়। চিত্রশিল্পী হিসাবে অর্পনের নামডাক ভালো ছিল। অর্পনের খাতা ওল্টাতে ওল্টাতে হটাৎ একটা পাতা ও নিচে কয়েকটা লাইন দেখে শিহরিত হয়ে যায় সে, হ্যাঁ এটা তো তারই ছবি, অর্পনের নিজের হাতে আঁকা। নিচে লেখা পেন্সিলের কটা লাইন "যেটা ছিলোনা ছিলোনা, সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। " এটুকু দেখে সুদেষ্ণার সব গুলিয়ে যেতে লাগল। এই ছবি আঁকা, তারপর লাইন গুলো, এগুলোতো শুধু ভালোলাগা না, কখনোই না। তড়িঘড়ি উঠে অর্পনের রোজনামচা লেখার ডাইরি টার গত বছরের সংখ্যাটা সে আলমারির পাশে সেলফ থেকে নিল। 20 মে ছিল সেই দিন যেদিন সে অর্পণ কে তিরস্কার করেছিল। হ্যাঁ, খুলে দেখলো লেখা আছে , "আজ আমি হয়তো তোর মেসেজ পড়ে অল্প কেঁদেছিলাম, কিন্তু বিশ্বাস কর, আমার রাগ হয়নি, আমি তোর যোগ্য না আমি জানি, কিন্তু তুই আমার কাছে সেরাই থাকবি, তোকে পাইনি, কিন্তু একটা এত ভালো বন্ধু পেয়েছি সেটাই আসল, ভালো থাকিস সুদেষ্ণা, আর আমি একাই থাকবো, তোর মতো কাউকে তো পাব না, তাই আমি এমন কারুর সাথে রিলেশনে যেতে পারব না, যেখানে সারাক্ষন তোর কথা, ওই ইভনিং ওয়াক, মুড়ি খাওয়া, তোর আমায় লেগ পুলিং করা মনে পড়বে, তাই একাই থাকি, সব কিছু সবার জন্য না।"

কিছুক্ষন হতভম্ব হয়ে বসে রইলো সুদেষ্ণা, তারপর কার্ড টা টেবিলের উপর রেখে জলদি তাড়াহুড়ো করে প্রায় দৌড়ে বেরিয়ে গেল অর্পনের ফ্ল্যাট থেকে। পিছনে তখন মানুদা মাসি চেঁচাচ্ছে "কি গো, চা টা খেয়ে যাও।" আজ আর অর্পণকে মুখ দেখানোর অবস্থায় নেই সুদেষ্ণা। একটা দমবন্ধ করা পরিবেশ তাকে ঘিরে ধরেছে, এখান থেকে তাকে পালাতে হবে। অর্পণ তাকে সত্যি ভালোবাসতো, এটা ও বোঝেনি। সৌম্য দা সত্যি একজন দায়িত্ববান ও ভালো স্বামী, কিন্তু অর্পনের মতো আগে ভালো বন্ধু ও তাকে সম্পূর্ণ বোঝাটা সেখানে একটু মিসিং, কারণ প্রথমত বয়সের গ্যাপ, দ্বিতীয়ত ওরা বন্ধুত্ব থেকে প্রেম করেনি, প্রেমের ইচ্ছায় প্রেম করেছে, আর অর্পনের মতো সৌম্য দার অতো সময় নেই সারাক্ষন ওর যত্ন নেওয়ার। এক লহমায় অনেক কিছু গোলমাল হয়ে যায় সুদেষ্ণার। ট্যাক্সিতে ওঠার আগে একবার বাড়িটার দিকে তাকিয়ে সে বলে উঠলো, "বুঝতে পারিনি অর্পণ, সরি।"
বারাণসী ও এলাহাবাদ দর্শন

অফিসের একঘেয়েমির  চাপ ও ক্লান্তি থেকে মুক্তি পেতে হটাৎ করে ঠিক হলো বারাণসী ও এলাহাবাদ ভ্রমণ করা হবে। সেই মতো প্ল্যান বানিয়ে কলকাতা স্টেশন থেকে শব্দভেদী এক্সপ্রেসে চড়লাম এক শুক্রবার রাত 10 টা 35 মিনিটে। বারাণসী পৌছালাম পরেরদিন সকাল 10 টায়। অটো নিয়ে গেলাম 3 কিমি দূরে হোটেল জানকী ইন্টারন্যাশনাল । আগে থেকে রুম বুক করা ছিল। ফ্রেশ হয়ে অল্প খাওয়া দাওয়া করে একটা গাড়ি নিয়ে প্রথমে গেলাম কোতোয়ালিতে কালভৈরব মন্দিরে। সেখান থেকে 13 কিলোমিটার দূরে সারনাথ গেলাম। বোধগয়ায় 'বোধি' লাভের পর বুদ্ধদেব সারনাথে এসে এখানকার মৃগ উদ্যানে ধর্মীয় উপদেশ দান করেন 5 জন শিষ্যের কাছে । বৌদ্ধদের কাছে এই ঘটনা 'ধর্মচক্র প্রবর্তন' নামে খ্যাত। সারনাথ নামটা এসেছে সারঙ্গনাথ (সারঙ্গ শব্দের অর্থ মৃগ) থেকে। সারনাথের প্রবেশের পথেই বাদিকে চৌখন্ডি স্তূপকে ছোটখাটো টিলা বললেও অত্যুক্তি হায় না। সম্রাট অশোক ২৩৪ খ্রি: পূর্বাব্দে এখানে এসেছিলেন। উনি এই সুবিশাল স্তূপটি নির্মাণ করান। সারনাথের সবচেয়ে উল্লেখযোগ্য দ্রষ্টব্য চোঙ্গাকৃতি সাড়ে তেতাল্লিশ মিটার উচু ধামেক স্তূপ। ভূমির কাছে এই স্তূপের ব্যাস ২৮ মিটার এবং নিচের অংশে দেখবেন গুপ্তযুগের স্থাপত্য নিদর্শন। সারনাথের অপর আকর্ষণ মহাবোধি সোসাইটি নির্মিত বুদ্ধমন্দির। এই মন্দিরে মূর্তিটি তৈরি করেন রাজা ধর্মপাল। সারনাথের সংগ্রহশালায় অসংখ্য বুদ্ধ মূর্তির সংগ্রহ বিস্ময় উদ্রেক করে। এখানে গুরুত্বপূর্ণ হলো বৌদ্ধ শিল্প ও ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শনগুলো এবং অশোকস্তম্ভের শীর্ষদেশের চারটে পরস্পর সংলগ্ন সিংহমূর্তি। শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে। অন্য দিন খোলা থাকে সকাল ১০টা থেকে ৫টা। এরপর আমরা গেলাম অন্নপূর্ণা মন্দির। পেশোয়া বাজিরাও ১৭২৫ সালে এই মন্দিরটি নির্মান করেন। এরপর লাল রঙের দূর্গা মন্দির ও কুন্ড দর্শন করলাম। মন্দিরটি অষ্টাদশ শতকের। গর্ভাগৃহে দেবীর বিগ্রহ খুব জাগ্রত। দূর্গা মন্দির থেকে আরও কিছুটা এগিয়ে বাঁ হাতে পড়ে সাদা রঙের সুবিশাল তুলসী মানস মন্দির। মন্দিরে শ্রীরামের বিগ্রহ ছাড়াও আকর্ষনীয় এখানকার দেওয়াল, যেখানে খোদাই করা আছে রামচরিতমানসের বিভিন্ন পদ। এরপর গেলাম বেনারস হিন্দু বিশ্ব বিদ্যালয়। পণ্ডিত মদনমোহন মঙ্গল কাব্যের সক্রিয় উদ্যোগে গড়া বেনারস ইউনিভার্সিটি কমপ্লেক্সের মধ্যেই রয়েছে ভারত কলা ভবন নামক মিউজিয়াম এবং বিড়লাদের তেরি  সুউচ্চ নব বিশ্বনাথ মন্দির। সেখান থেকে সংকোটমোচন মন্দির দর্শন করে চলে এলাম দশাশ্বমেধ ঘাট অঞ্চলে। অসাধারণ গঙ্গা আরতি দর্শন করে রাস্তায় বারাণসী স্পেশাল ডিনার করে টোটো ধরে ক্লান্ত শরীরে হোটেল ফিরলাম ।
                 পরেরদিন সকালে উঠে গেলাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। প্রাচীন মন্দির ধবংস হয়ে যাবার পর বর্তমান মন্দিরটি নির্মান করেন ইন্দোরের মহারানি অহল্যাবাঈ হোলকার (১৭৭৭) সাল। পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং প্রায় সাড়ে আটশো কেজি ওজনের সোনার পাতে মন্দিরের উপরের অংশ মুড়ে দেন। মন্দিরের মধ্যেই রয়েছে আওরঙ্গজেবের তৈরি জ্ঞানবাপী মসজিদ। 3 ঘন্টা লাইন দিয়ে দ্বাদশ জ্যোতিলিঙ্গের অন্যতম বিশ্বনাথ দর্শন হলো। এরপর কিছু খাওয়া দাওয়া করে গেলাম চুনার দুর্গ। বারাণসী থেকে ৩৫ কিমি দুরে চুনারের প্রধান আকর্ষণ গঙ্গার ধারে সুবিশাল দুর্গ। পুরানমতে বামন অবতারে ভগবান বিষ্ণু তার প্রথম চরণ স্থাপন করেন এখানকার পবিত্র ভূমিখন্ডে তাই এর নাম হয় চরনাদ্রি। উজ্জয়িনীর শাসক মহারাজা বিক্রমাদিত্যের ভাই ভতৃহরি এখানে কঠিন তপস্যা করার পর জীবন্ত সমাধি নিয়েছিলেন। চুনার দুর্গের ইতিহাসও সুপ্রাচীন। অনেক ঐতিহাসিকের মতে রাজা সহদেব ১০২৯ সালে বর্তমান দুর্গটি নির্মান করেন। প্রথম মুঘল সম্রাট বাবর ১৫২৫ সালে এই দুর্গের অধিকার নেন। মাঝে শেরশাহের হাতে চলে যাবার পর আকবর পুনরায় দুর্গ জয় করেন ১৫৭৪ সালে। এরপর টানা প্রায় দুশো বছর মোঘলদের অধীনে থাকার পর ১৭৭২-এ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে ঐতিহাসিক চুনার ফোর্ট। জনশ্রুতি আছে এই দুর্গ থেকে একটি ঐতিহাসিক গোপন সুরঙ্গ পথ গঙ্গায় নেমে গেছে। বর্তমানে ভারত সরকার এখানে গড়ে তুলেছে প্যাকের (প্রভিনশিয়াল আমর্ড কোর) ট্রেনিং সেন্টার। তাই কেবলমাত্র সোনহা মন্ডপ ও ভতৃহরির সমাধি ছাড়া দুর্গের অভ্যন্তরে সাধারন পর্যটকদের প্রবেশ অধিকার নেই। দুর্গ ছাড়াও চুনারে দেখবেন হজরত সুলেমানের সমাধি  ও প্রায় ২ কিমি দূরে দূর্গামন্দির ও কালীমন্দির। দুর্গের কুঁয়া টি বিশাল । এরপর গেলাম পূর্বের বারাণসীর  রাজাদের দুর্গ  রামনগর ফোর্ট। এখানে দেখবেন - রাজাদের ব্যবহত বিভিন্ন আমলের ঘোড়ার গাড়ি,  পালকি , কারুকার্যমন্ডিত হাওদা , পোশাক পরিচ্ছদ ,অভিনব ঘড়ি , প্রচুর অস্ত্রশস্ত্র।
দুর্গের একটা অংশে দেখবেন রামনগরের বিখ্যাত রামলীলার কিছু দৃশ্যের  ফটোগ্রাফ।  দুর্গের প্রবেশমূল্য 25 টাকা। এরপর গেলাম বারাণসী থেকে ৭০ কিমি দুরে ৫১ সতীপীঠের অন্যতম বিন্ধ্যাচলের প্রধান দ্রষ্টব্য বিন্ধ্যাবাসিনী মন্দির। এই স্থানে সতীর বাম পায়ের আঙুল পড়েছিল। পুরানমতে এই সেই স্থান যেখানে দেবী স্বহস্তে শুম্ভ নিশুম্ভকে বধ করেন। বিন্ধ্যবাসিনী মন্দির থেকে ৩ কিমি দুরে বিন্ধ্যপবর্তের ওপর দেবী অষ্টভুজা মন্দির। সংকীর্ণ গুহাপথে ভেতরে গিয়ে মূর্তি দর্শন করতে হয়। এরপর ফিরে এসে অসি ঘাট থেকে নৌকো  নিয়ে দর্শন করলাম দশাশ্বমেধ ঘাট,
মনিকর্নিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, তুলসী ঘাট,
মানমন্দির ঘাট, কেদার ঘাট প্রভৃতি। এরপর একটু কেনাকাটা করে হোটেলে ফিরে ডিনার করে শুয়ে পড়লাম।।
                  পরেরদিন সকালে 9.40 ঘটিকায় বিভূতি এক্সপ্রেসে চেপে বারাণসী স্টেশন থেকে রওয়ানা দিয়ে 12.30 এ পৌছালাম এলাহাবাদ স্টেশনে। রিকশ করে গেলাম আমাদের গন্তব্য হোটেল কাশীতে। এরপর লাঞ্চ করে একটা গাড়ি নিয়ে  চললাম শহর দর্শনে। প্রথমে গেলাম আনন্দ ভবন।  নেহরুর পৈতৃক বাসভবন বর্তমানে জাতীয় সংগ্রহশালা। পরিবারের বিভিন্ন সদস্যের ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র এখানে খুব সুন্দর করে সাজানো আছে। এখানে আরও দেখবেন , স্বরাজভবন ও জহর প্ল্যানেটোরিয়াম। এরপর দেখলাম এলাহাবাদ  মিউজিয়াম ও চন্দ্রশেখর আজাদ গার্ডেন যেখানে উনি পিস্তলের গুলিতে আত্মাহুতি দিয়েছিলেন ব্রিটিশ পুলিশের হাত থেকে অব্যাহতি পেতে। এরপর  গেলাম ত্রিবেণী সঙ্গমে যা প্রয়াগ নামে পরিচিত। এখানে  উত্তর ভারতের প্রাণদায়ী দুটি প্রধান নদী গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে সরস্বতী মিশেছে।  ত্রিবেণীকে ঘিরে প্রতি বছর মাঘমাসে বসে মকরসংক্রান্তি মেলা। ছয় বছর অন্তর অর্ধকুম্ভ  আর বারো বছর অন্তর বসে পূর্ণকুম্ভ মেলা। পিতামহ ব্রহ্মা 'প্রকৃস্ট যজ্ঞ' করে এই স্থানের নাম রাখেন 'তীর্থরাজ'। নৌকা করে সঙ্গম দর্শন ও পুজো দেওয়ার ব্যাবস্থা আছে। সঙ্গমের কাছে আকবরের তৈরি সুবিশাল এলাহাবাদ কেল্লা যার অধিক অংশ মিলিটারিদের দখলে। সামনের অংশে পাতালপুরী মন্দির ও অক্ষয়বট দেখতে পারেন। পাশেই রয়েছে হনুমান মন্দির। অভিনব মন্দিরে দেখবেন পবনপুত্র হনুমানের বেশ বড় আকারে শায়িত মূর্তি। বলা হয় বছরে একবার হলেও সঙ্গমের জল ফুলে উঠে পবনপুত্রের চরণ ধুইয়ে দেয়। এর পর গেলাম শঙ্কর বিমান মণ্ডপম। সঙ্গমের কাছে হাল আমলে তৈরি ১৩০ ফুট উঁচু চারতলা মন্দিরের বিভিন্ন তলায় দেখবেন তিরুপতি বালাজি, কমক্ষাদেবী, শিবলিঙ্গ সহ জগৎ গুরু শঙ্করা চার্যের বিগ্রহ। এরপর এলাহাবাদ হাই কোর্ট ও চার্চ দেখে চলে গেলাম খুসরুবাগ। সুসজ্জিত উদ্যানের মাঝে জাহাঙ্গিরের বড়ছেলে খুসরুর এই সমাধি সৌধ মোগল স্থাপত্যরীতিতে নির্মিত। বেলে পাথরের এই সৌধের পাশে যুবরাজের মা শাহ বেগমকে সমাহিত করা হয়েছে। এরপর হোটেলে ফিরে ডিনার করে রাত 11.40 এ রাজধানী এক্সপ্রেসে চড়ে পরেরদিন সকাল 10 টায় হাওড়া পৌছালাম। স্বল্প সময়ের এই ট্রিপে দর্শন করলাম ইতিহাসের কিছু মনোমুগ্ধকর দলিল।।


বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য:

1) জানকী হোটেলের ফোন নম্বর 8067616761. রুম ভাড়া 2000 টাকা সর্বনিম্ন।

2) হোটেল কাশীর ফোন নম্বর 5322400812. সর্বনিম্ন রুম ভাড়া 1900.এখানে লাঞ্চ ও ডিনারে 200 টাকায় নিরামিষ আনলিমিটেড থালির সুব্যবস্থা আছে।।

3) সারনাথের পবিত্র ভূমিতে একরাত কাটাতে চাইলে পাবেন পর্যটন বিভাগের-রাহী ট্যুরিস্ট বাংলো। ফোন নম্বর 5822595965 ।

4) বারাণসীতে স্বল্প দামের অনেক ধর্মশালা আছে যেখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে।

5) ট্রেন ছাড়াও বারাণসী থেকে এলাহাবাদ যাওয়ার বাস ছাড়ে টার্মিনাস থেকে।।

6) নৌকাবিহারের জন্যে অনেক টাকা বেশি চায়। দরাদরি করা অবশ্যকর্তব্য। শেয়ারে 100 টাকা করে নৌকা ভ্রমণে নেয়। তবে ভালো করে ঘুরতে চাইলে আলাদা নৌকা ভাড়া করা ভালো।।

মহারাজের জন্য





তুমি এক আগুন যেন
খোলা মাঠ বাইশ গজে
প্রথমেই সেলাম জানাই
মহারাজ তোমায় সাজে।

তুমিই তো কাঁপিয়ে ছিলে
বাঙালির সাহস মনে
কোনো এক বাঙালি ছেলেও
জিতে কাপ আনতে জানে।

গজে মাঠ পেরিয়ে গিয়ে
বল তো উড়ছে হাওয়ায়
বাঙালির গর্ব তুমি
এমন এক ছেলেকে পাওয়ায়।

যে ছেলে পাহাড় প্রমান
রেকর্ডকে গড়তে পারে
বিদেশে বুক দেখাল
ভারতের অহংকারে।

তুমি এক স্বপ্ন যেন
ফুটে ছিলো হাসনুহানায়
দাদার আজ জন্ম দিনে
দাদাকে সেলাম জানাই।



লেখাঃ- সুদীপ্ত সেন(ডট.পেন)
অসাধারণ ছবিটি করেছেন আমাদের খুবই পরিচিত জন অভিব্রত দা

শনিবার, ৬ জুলাই, ২০১৯

 সংসার সুখের হয় --------------
--------------------------------------
কলমে # সোনালী নাগ
-----------------------------------------

বাইরে শুধু লড়াই সে নয়,
সেতো অন্দরে তেও আছে,
দাপুটে মেয়েও  নিজের ঘরে ভয় তাড়িয়ে বাঁচে,
চরিত্র নিয়ে টানাটানি হয়তো খুবই সোজা,
মেয়ে মানেই টানা পোড়েন,
মেয়ে মানেই বুঝি বোঝা,
মুখোশ গুলো খুব আপনার,
হয়তো প্রিয়জন
বিশ্বাসে যে  বিষ ঢালা আছে,
তা বোঝে কি মন?
শাড়ির আঁচল আর
পোশাকে মেয়ের নাকি মরণ,
বলো তবে দুধের শিশুর রক্তযোনি,
কি তার কারণ?
ইচ্ছে ক'রে গুঁড়িয়ে ফেলি দাঁতের গোড়া যত,
ইচ্ছে করে মুখোশ টেনে হিঁচড়ে আনি 
দিনের আলোয় ইচ্ছেমত,
অষ্টমীর মা যখন জাগছে মনে মনে,
কানের কাছে কে বলে যায় -----
"সংসার সুখের হয় রমণীর গুনে "
আর তারপর,
তারপর তো সবই জানা,
মেনে নেওয়া মানিয়ে নেওয়া বেদ বাক্য যত,
নিজেকে বুঝিয়ে চলা দিনে রাতে রীতিমতো,
দূর্গা কে তাই বছর ভর আসনে তুলে রাখা
স্বর্গ থেকে নেমে আসা, 
চমৎকারের আশায় বেঁচে থাকা !!!
বস্তা পঁচা এঁদো কথার জাল বুনে যাওয়া মনে
বদলে নিয়ে লেখো দেখি ----
সংসার সুখের হয় রমনীর খুনে !!!!


: রাজকন্যের গপ্পো
==============
সোনালী নাগ
--------------------------

কথার টানে কথার পাহাড়,
কাছে কিংবা দূর,
রূপকথাতে ছুঁয়ে দেখা নদী সমুদ্দুর !!
রাজকন্যা দৈত্য দানব পক্ষীরাজের দেশে
রাজারকুমার দাঁড়ায় এসে  অন্ধকারের শেষে !!
দুয়ো রানীর দুঃখ থাকুক, সুয়ো রানীর সাধ,
মন্ত্রী কোটাল হাতিশালের গল্প থাকুক অবাধ !
নটে গাছটা বাঁচুক আরো, বাঁচুক ছেলেবেলা,
তবু সত্যি ছিলো সে আজগুবি গল্প গুলোর মালা
মায়ের আঁচল হারিয়ে দেখি, হায় -জীবন নাট্যশালা !!
বড় হবার তাগিদ তাতে মনটা ছোটো হয়,
অশুভ সব শক্তি গুলো জাঁকিয়ে বসে
 আর  জীবন বয়ে যায়,
কোন পুকুরে ডুব দেবো? কোন গুহাতে তাকে পাবো?
মাকড়সার জালে বন্দি, গুমরে মরি তায়,
দৈতটার প্রাণভোমরা খুঁজে পাওয়া দায় !!
আকাশ কালো সূর্য উধাও এক গ্রহণের ফাঁদে,
একটু আলোর খোঁজে তাই সকাল সন্ধ্যে এখন জানো,  রাজকন্যা কাঁদে !!!
 হঠাৎ সেদিন

সৌমেন দাস

যেদিন তোর কবোষ্ণ বুকে
রেখেছিলাম প্রথম হাত,

বুঝেছিলাম
ঘনিয়ে এসেছে রাত,

বাড়ি ফিরতে হয়েছিল হঠাৎ ...!


অন্য মোহনা

সৌমেন দাস

একবার ফিরে আয়
দেখবি বারান্দা জুড়ে সেই চেনা গন্ধ
বাগানে এখনও পিউলিরা হাসে
এখনও ছাদের ওই কোণটাতে ঠিকরে পড়ে বিকেল রোদ্দুর
আর ওই বেহায়াটা সকাল-সন্ধে ডাক দিয়ে যায়
পিউ কাঁহা পিউ কাঁহা পিউ কাঁহা পিউ ...

একবার ফিরে আয়
শুধু একবারটি
দেখে যা-না কতই সুখে আছি
ভরা সংসার, টবের মানিপ্লান্ট
আর ওই বেহায়াটাকে নিয়ে ...

তবু
শুধু একবার ফিরে আয়
আমার সঙ্গে এক অন্য মোহনায় ...
জীবন_কথা

#মুনমুন_মুখার্জ্জী

ছুটছে সবাই ছুটছে ভাই
ছোটার কোনো বিরাম নাই।
উপরে ওঠার চলছে লড়াই
বন্ধুকে হারানো সহজ উপায়।
বিশ্বাস অর্জন করছে আগে
পিছনে ছুরি চালিয়ে ভাগে।
ভালবাসার নেই প্রতিদান
স্বার্থ সিদ্ধি চলছে স্লোগান।
সবাই সবার শত্রু আজ
ধোঁকা দিতে নেই তো লাজ।
শত্রু ভাবনাটা সিঁড়ি যে হয়
পথ তাই তো সহজেই হয়।
বন্ধু সবাইকে বলতে হয়
বিশ্বাস করলেই ঠকতে হয়।
ভালবাসার মুখোশ পরে
চরম ক্ষতি করতে পারে।
ভালো চায় যে, দোষটা ধরে
চোর পালালে বুদ্ধি বাড়ে।


ক্ষোভ

#মুনমুন_মুখার্জ্জী

পাহাড়ে জ্যাম, অভিযাত্রীরা চলেছে স্বদলবলে,
এভারেস্টকেও রাখতে চায় নিজের পদতলে।

এভারেস্টের উঁচু মাথা ওর গর্ব নয় সহ্য ক্ষমতা,
আনাচে কানাচের মায়াবী দৃশ্য তারই  মহানুভবতা--

পারলে তাকে মন থেকে করো সম্মান--
মাথায় চড়ে তাকে করো না অপমান।

উপরে ওঠার মোহে সবার বুদ্ধি পেলে লোপ,
ক্ষোভ বাড়তে বাড়তে হয়ত পৃথিবী হবে বিলোপ।


#অভিমানী_মেঘ

#মুনমুন_মুখার্জ্জী

মনের কোণে জমে আছে অভিমানী মেঘ,
ছিনিমিনি খেলে সবাই নিয়ে সবার আবেগ।

সবাই দেখি উঠেছে আজ পুতুল নাচে মেতে,
টানছে সুতো সুযোগ বুঝে মুখোশ মুখে এঁটে।

হাত জোড় করে একদিন ভিক্ষা করেন যিনি,
ভোটের পরে কুকুরের মত তাড়িয়ে দেন তিনি।

আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে বহুমত পেল যে,
স্বল্পসঞ্চয়ের হার কমিয়ে শেষে ভাতে মারবে সে।

যে মেয়েটি ভালবাসায় সবাইকে জড়িয়ে রাখে,
একলা ঘরে রক্তাক্ত হয়ে ডাকতে পারে না মাকে।

আনুগত্য দেখে যার সবাই চোখ বুজে বলে খাঁটি,
হিংসায় উন্মত্ত কেউ তাকে দিতেই পারে কাঠি।

লোভের আগাছা প্রতিনিয়ত দিচ্ছে যে হাতছানি,
সেই আগুনে হাত সেঁকলে টানতে হতে পারে ঘানি।

ক্ষমতার দম্ভে কেউ সর্বস্ব কাড়ছে কারো,
কেউ হয়ত ঘুম কাড়বে একদিন ঠিক তারও।

দেখে বুঝে এসব কিছু মাথা যাচ্ছে ঘেঁটে,
প্রতিবাদী মানুষ পাই না, সবাই পড়ে কেটে।

সবার মাঝে দিচ্ছি মিছে আনন্দে গড়াগড়ি,
আয়রে বৃষ্টি তোকে জড়িয়ে ঝরঝরিয়ে ঝরি।



 #দিতে_পারবে

#মুনমুন_মুখার্জ্জী

দিতে পারবে এমন একটাও সকাল,
যে সকালে কোনো বৃদ্ধ হাহাকার করবে না,
যে সকালে কোনো নারী আর্তনাদ করবে না,
যে সকালে কোনো একাকিত্বে ভুগবে না,
যে সকালে কোনো শিশু খিদেয় কাঁদবে না,
যে সকালে কোনো কুঁড়ি ফোটার আগেই ঝরবে না --
জানি কেউ কোনদিন পারবে না, তুমিও না, আমিও না ---
আর যে মানুষগুলো সবার দোষ ধরে তারাও না।
আমরা নিজের গোছাতে ব্যস্ত, কারোর জন্য ভাবি না।
একই অবস্থা আমাদেরও হতে পারে সে চিন্তা করি না।
: চাল

বিদিশা নাথ

দু মুঠো চালে কতটুকু ভাত হয় জানা নেই।
বাসনে ধরে না যতটা,
হাঁড়িতে উপচায় না যতটা,
মা বলে গেছে দু মুঠোই নিতে হাতে।
মা-র শাড়িটা একটু কম ছেঁড়া আজ,
ঘরে আজ তেলের গন্ধ ভাসছে,
চুলে মেখে মা আজ বেরিয়েছে।
দু মুঠো চালে কোন পেট টা ভরে জানা নেই,
বড়-র ,মেজ-র না সেজ-র!
মা বলে গেছে বড় কে দিতে বেশী টা।
মা জানে ওর চামড়া কত নরম।
মা জানে পরের দিন ছেঁড়া শাড়ী টা
বড়-ই পরবে।
বড়-র চামড়া খুব নরম।


বিশ্বাস ভাঙার আগে

~বিদিশা নাথ

বিশ্বাস ভাঙার ঠিক আগে,
অবাঞ্ছিত কোনো শব্দ হয়না।
তারপর একদিন বেশ সাজানো গোছানো একটা মোড়কে,
মৃত হৃদয় জড়িয়ে আমি,
শেষমেশ প্রেমিকার বাড়ি ফেলেই এলাম।
একটা ছুরি দিয়ে বললাম,
"নাও এবার তো পারবে!
যত্নে খোদাই করতে!
খোদাই করো অজন্তার কারুকার্য,
খোদাই করো ইলোরার ভাস্কর্য, যত্নে;
খুব যত্নে কেটে কেটে বসাও
সূর্যমন্দিরের ঢলে পড়া
সূর্যের শেষ ছাপ"।
তোমার গোপন আশ্লেষ ভরা চোখ দেখে,
কষ্ট হয়নি আমার!
শুধু কান পেতে শুনছিলাম
কই কোথাও আওয়াজ হল না তো!
ও! আমি তো ভুলে গেছিলাম,
বিশ্বাস ভাঙার পরেও ,
কোনো টুকরো,বাজে,অতিরিক্ত আওয়াজ হয় না!


ক্ষুধা

~বিদিশা নাথ

লাইনের আমি, চটপট ঝটপট।
ফেলো কড়ি মাখো তেল,কাজ সারো।
শেষ করো ভুয়ো দাপাদাপি,
ঠোঁটে কামড় দেওয়া শুকনো রক্ত,
বুকের খাঁজে আঁচড়,
কপালের কোণে একটা অবাঞ্ছিত কালশিটে দাগ,
সব নিয়ে সেজে দাঁড়িয়ে
লাইনের আমি,
খকখক, ঘঙঘঙ কাশির আওয়াজ চাপা পড়ে,
বিকৃত চিৎকার আর শীৎকারে।
সব ঢাকা দিয়ে দোমড়ানো শরীর ,
আর কুঁচকানো নোটের তাড়া নিয়ে,
লাইনের আমি।
বাড়ি যেতে হবে,
জলন্ত কিছু শ্বদন্ত-এর সামনে দিয়ে,
লাইনের আমি,
শেষরাতে তবু ওরাই আমার সম্বল

শুক্রবার, ২৮ জুন, ২০১৯

কফিকথায় কবি অভিষেক কর



অনিমেষ- প্রথমেই জানাই তোমায় জলফড়িংয়ের কফিকথা আড্ডায় স্বাগত এবং তোমার প্রথম সন্তান "ক্লিভেজ ও কাউন্টার" জন্য অসংখ্য ভালোবাসা

অভিষেক কর-Thank you

অনিমেষ-এবার আড্ডায় আসা যাক দাদাই

অভিষেক কর-হ্যা বল

অনিমেষ-আচ্ছা তুমি কি মনে করো ফেসবুক যারা নিয়মিত লেখা বা যাদের ফলোয়ার আছে তারা ভবিষ্যতে কবি?

অভিষেক-দেখ আমার কাছে প্রথমত কবি হওয়া র কোনো নির্দিষ্ট criteria থাকে না, বা কোনো বায়োডেটা লাগে না বা যেকোনো একটা স্পেসিফিক বৈশিষ্ট থাকতেই হবে তেমন ও না।
কবি হওয়াটা অনেকটাই নির্ভর করছে তোমার লেখা কতটা পাঠকের মনে ধরা দিতে পারছে।
হ্যাঁ এবার যদি কেউ জিজ্ঞেস করে যে যেই লেখক বা যিনি লিখছেন তার যদি কোন পাঠক না থাকে তাহলে কি সে কবি নয়? দেখ একটা শিল্প তখনই তা পায় যখন তার একটা কনজিউমার ভ্যালু তৈরি হয়।
তাই আমার কোথাও গিয়ে মনে হয় যে আজকে যদি ফেসবুকে লিখেছে তার কবি না হওয়ার কোন কারন নেই,
তবে যথেষ্ট একটা পোটেনশিয়াল আছে পরবর্তী কালে গিয়ে আরো বড় মাপের পরিচিতি পাওয়ার জন্য।
ফেসবুকে একটা মঞ্চ যেখানেই একটা বৃহত্তর অডিয়েন্স পাওয়া যায়, আমরা আলাদা করে যে রকম একটা কবি সম্মেলনে আয়োজন করি বা কবিতা পাঠের অনুষ্ঠান আয়োজন করি তেমনি আমার মনে হয় যে প্রত্যেকটা লেখক এখন রোজ বা প্রায় তার কবিতা ফেসবুকের মাধ্যমে উদযাপন করে।

অনিমেষ-তোমার কথা ফেসবুক একটা নতুন মঞ্চ যেখানে নিজেকে মেলে ধরা যায়

অভিষেক-শুধু তাই নয় নিজেকে প্রকাশ করা এবং নিজের প্রকাশ করা অনুভূতি আবেগ কিংবা কাজ নিয়ে অনেক বৃহত্তর মানুষের কাছে অনেক অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায়।

অনিমেষ-প্রসঙ্গত একজন সাধারণ মানুষ যে ফেসবুক সাহিত্যে চর্চা করে সে অংশুমান কর চেনে না কিন্তু অভিষেক কর কে চেনে এই বিষয় কিছু বলবে(প্রসঙ্গত)

অভিষেক- সাধারণ মানুষ আমিও।
ধৃষ্টতা না নিলে সাধারণ মানুষ জয় গোস্বামী ও তার কাছে, যাকে সে চেনে না।
অংশুমান বাবু কে চেনা আর তার পাঠক হওয়ার  মধ্যে বিস্তর পার্থক্য আছে, আমিও হয় তো ওনার সব লেখা পড়িনি। হয় তো কি, আমি নিশ্চিত আমি পড়িনি। তাই আমি ওনাকে তো তেমন চিনি না,
আমার একটা দুটো লেখা খুব বেশি কিছু মানুষ পড়ছে বলেই আমি ভালো লেখক হলাম তাই না। তবে হ্যাঁ আমি একটু বেশি সুযোগ পেয়েছি একটু বেশি অডিয়েন্স এর কাছে পৌঁছে যাওয়ার। এটা আমার ট্যালেন্ট নয়, বলতে পারিস আমি লাকি।



অনিমেষ- দাদায়  একটা কথা, তুমি বললে তুমি সুযোগ পেলে কিন্তু অংশুমান কর  আনন্দপুরস্কার পেয়েছিল আর কৃত্তিবাসের সহসম্পাদক,তাহলে কি শুধু শেয়ারের আর কমেন্টের ভিত্তি করে তুমি বলছো তুমি এগিয়ে।

অভিষেকঃ- আমি একবারও বলিনি কিন্তু এগিয়ে।
ভালো করে পড়ে দেখ।
আমি বলেছি আমি লাকি যদি আমাকে বেশি মানুষ চিনে থাকে ফেসবুক এ।
আর আমার কাছে সাহিত্যের প্রতিদ্বন্দ্বিতা হয় না তাই এগিয়ে, পিছিয়ে কেউ না।  আমরা সবাই চেষ্টা করি একসাথে লেখার। আর লিখে যাওয়ার। প্রতিদ্বন্দ্বিতা বা ক্লাস টা ভীষণই আপেক্ষিক।


অনিমেষ-কফি টা ঠান্ডা হয়ে যাবে☕

অভিষেক -আচ্ছা মিষ্টি হাসির সাথে☺


অনিমেষ- আচ্ছা দাদায় এবার  কিছু টা তোমার নিয়ে কথা বলা যাক

অভিষেক- হ্যাঁ বল

অনিমেষ- আচ্ছা দাদাই আমরা সবাই জানি তোমার সমকামিতা নিয়ে লড়াইয়ের কথা

অভিষেক কর- হ্যাঁ

অনিমেষ-তোমার university লড়াই কেমন তা যদি একটু বলো

অভিষেক-দেখ প্রথমের দিকে ইউনিভার্সিটি কে খুব বেশি সহিষ্ণু মনে হয়েছিল।
যদি একটা ছেলে হয়ে  চোখে কাজল পরে, কানের পরা, একটু স্বাভাবিক থেকে বেরিয়ে পোশাক পরা সমকামিতার লক্ষণ হয়, তাহলে আমাকে প্রথমের দিকে এসব নিয়ে কোনো চাপ বা কোনো টিটকারী র সমুক্ষীন হতে হয় নি।
কিন্তু হঠাৎ পুলওয়ামা ঘটনার সময় আমার এক যুদ্ধ বিরোধী পোস্ট নিয়ে নোংরামি হওয়ার পর, আমাকে ইউনিভার্সিটি তে ভীষণ মারধোর করা হলো, তবে মারধোর করার সময় দুষ্কৃতীরা সেই ঘটনা নিয়ে কত কি বলেছে মনে নেই, কিন্তু আমাকে সমকামী হবার জন্যই বেশি আঘাত করে। আমার সেক্সুয়াল প্রেফারেন্স নিয়ে খিস্তি করে, একটি মেয়ে আমার গলায় ফাঁস দিতে যায়।
যখন ইউনিভার্সিটি অথরিটি অবধি কথা গুলো পৌঁছায়, আর আক্রমণকারী দের প্রশ্ন করা হয়, ওরা প্রথমেই বলে,
*আমি সমকামী তাই মেরেছে, আমি প্রকাশ্যে আমার সমকামী হওয়া নিয়ে  কথা বলি তাই মেরেছে। আমি সমকামী এবং আমাকে অনেকে ভালো বাসে আর সম্মান করে, তাই জন্য নাকি অনেকে প্রভাবিত হয়ে সমকামী হতে পারে। ওদের মতে সমকামী হওয়া টা একটা ট্রেন্ড, যেটা উচিত না।
আমার রুস্টিকেশন এর দাবি করা হয়।

অনিমেষ-আচ্ছা দাদায় সমকামী নিয়ে প্রচার করাটাই পছন্দ করতো না

অভিষেক কর-ঘটনা থিতিয়ে যাওয়ার পরেও আমাকে  এই গে, এই ছক্কা বলে ডাকা হতো আর এমনকি মারধোর করার পুনরায় হুমকিও দেওয়া হয়, ভোট এর আগে।
তা ছাড়া আরেকটা বড়ো বিষয় ছিল সমকামী হয় এ এত পরিচিত কেনো?
ওদের মতে সমকামী মানেই স্যান্ডি সাহার মতো খিস্তি খেতে হবে। সমকামী নিয়ে প্রচার আবার হয় নাকি!
যেমন তোরা প্রকাশ্যে একটা মেয়ে কে ভালোবাসা র কথা বলিস, বা ধর ইন্টারেস্ট দেখাস, আমিও বলি আমার একটা ছেলে কে ভালো লাগে । তবে ইউনিভার্সিটি তে আমার ওমন কাউকেই ভালো লাগে নি, বা অমন ভাবে মিশি নি।
সমকামী হলেই যে যেকোনো ছেলের উপর ঝাপিয়ে পড়বো, সেটা না।
আমাদের ও পছন্দ হবার একটা কিছু নির্দিষ্ট criteria থাকে।
আমি সবার ওপর ক্রাশ খাইনা।
আমি খুব কোন ক্রাশ খাই।সবথেকে বড় সমস্যা কি জানিস!
অন্য সাহিত্যিক বা অন্য সবাই কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতির সাপেক্ষে হেনস্থা হয়, আমি যেকোনো পরিস্থিতি তেই আমার জেন্ডার আইডেন্টিটি নিয়ে হেনস্থার সমুক্ষিন হয়।

অনিমেষ-আমরা আশা রাখি তুমি তোমার লড়াই এ অটুট থাকবে

অভিষেক-এটা আমার লড়াই কি না জানি না, তবে আমি কোনো চাপ এ পড়েই স্ট্রেট হতে পারবো না। ওটা আমার অপারগতা নয়, ওটাই আমার বায়োলজি

অনিমেষ-আচ্ছা দাদায় তুমি এমন 5 জন নবাগত কবির নাম বলো যারা এখন ফেসবুক কাঁপাছে

অভিষেক-Facebook কাপাচ্ছে!
আমি তো ভূমিকম্প ভয় পাই রে।
তবে নিজের পছন্দের কিছু লেখকের নাম বলতে পারি। তিন জন বলতে পারি প্রথমত
১ অভীক রায় আমার কবি প্রেম
২ অরুনাশিস শোম
৩ সুব্রত বারিষওয়ালা
৪ সূর্য সুরেলিয়া
৫ জয় জাহাজী

অনিমেষ-আচ্ছা এমনি অভিষেক কর আর কবি অভিষেক কর এর মধ্যে কে লড়াই বিশ্বাস করে

অভিষেক-আজ আমি কবি ( যদি হই) বলেই তোরা এসেছিস আমার সাথে কথা বলতে, তাই লেখক অভিষেক কর জিতে যায় বারবার,
কিন্তু ব্যক্তি অভিষেক রোজ লড়ছে, আর তারপর হাসছেও।

অনিমেষ-আচ্ছা ব্যাক্তি অভিষেক কর কোনোদিন ভেঙেছে, কেঁদেছে?

অভিষেক-ব্যক্তি অভিষেক কর ছোট থেকেই খুব sensitive,
তবে মান পাইনি সে বা তার আবেগ। কেউ তার মান ভাঙ্গানোর চেষ্টা করে না সেই ভাবে। পরিচিত অভিষেক যত টাই importance পায়, ব্যক্তি অভিষেক তত বেশি কোণঠাসা হয় আত্মীয়ও বা কাছের লোকের কাছে।
ব্যক্তি আমি টি রোজ ভাঙি, রোজ একটু হলেও কাঁদতে হয়।
আমি নিজেও জানি আজ অনেক কাছের মানুষ আমার কাছে কারণ আমি জনপ্রিয় একটু হলেও।
নাহলে বিশ্বাস কর আমি লিখতে না জানলে, বলতে না জানলে হয় তো শুধুই কিছু টিটকারী বা অবজ্ঞার পাত্রই হতাম

অনিমেষ-আমরা চাইবো তোমার কষ্টের ইতি হোক।
নতুন কোনো বই বেড়াবে এবার তোমার।

অভিষেক-হ্যা আগামী বইমেলায়।।
সেই একই team।
প্রকাশক সৌরভ বিশাই, প্রচ্ছদ শিল্পী শুভেচ্ছা বৈরাগ্য , বার্তা প্রকাশনা,এবং আমি

অনিমেষ- তোমার কফিকথা কেমন লাগলো বলো

অভিষেক-দেখ এমন আড্ডা বা সাক্ষাৎকারের এর আগে বার কয়েকবর সুযোগ হোয়েছে।
তবে হ্যা তোরা ভীষণ আত্মীয়তা নিয়ে কথা বলেছিস, আর আমার এত বকবক সহ্য করার জন্য ধন্যবাদ তোদের।
ভালো থাকিস। এগিয়ে যা অনেক।

অনিমেষ-তুমিও ভালো থেকে দাদায় আমরা তোমার নতুন বইয়ের জন্য অপেক্ষায় রইলাম❤❤❤
ভালো থেকো

অভিষেক কর-আদরে বড়ো হোক সাহিত্য তোদের  লালনে। ভালো থাকিস।

অনিমেষ-ধন্যবাদ



রবিবার, ২৩ জুন, ২০১৯

কবি রিফাত ফাতিমা তানসির কবিতা পড়ুন


১.)
  প্রতিচ্ছায়া

তোমার আঁখিতে ভেসে বেড়ায় উপচে পড়া এককৌটো জল
তোমার আঁখিতে উড়ে চলে গোধূলী বিকেলের সোনালি রোদ্দুর,,

তোমার হাসিতে উঁকি মারে হিন্দুস্থানী সুর মেঘমল্লার
তোমার হাসিতে বাঁধে বাসা গোফওয়ালা হ্যাটম্যান যাদুকর...

তোমার গ্রীবায় উঠে যায় অশরীরী রূপ রক্তাক্ত মারমুখো তেজওয়ালা শঙ্কু
তোমার গ্রীবায় ভর করে বাজি ধরে নরম তুলতুলে আদুরে লন্ঠন,,

তোমার ললাটে  মসৃন গালিচা অরুণ
তোমার ললাটে ধূসর আবেগী স্মৃতি রোমন্থন...

তোমার চাউনি দূর থেকে ছুড়ে মারা ঝকমকে লিটমাস পেপার
তোমার চাউনি ঘুম পালিয়ে কবিতা পড়া,,

তোমার ঘ্রাণেতে অসহ্য সুন্দর শাদা জাফরান শিউলি
তোমার ঘ্রাণেতে টলমল মাতাল চুরুট মাতোয়ারা...

তোমার আবদারে
মায়াবী মনোহারী আহ্লাদের বৃষ্টিবিলাস:

তোমার আবদারে
স্বপ্নপুরীর
নীলপরীটি আমি,,

তোমার রোমাঞ্চে-

বাঁধভাঙা উচ্ছ্বাসের
একটি চাঁদের দেশ;

তোমার আমিতে
খেলা করে ক্ষণতরে
শুধু
আমার তুমি!


   


২.)
আবার একটা মিছিল হই

আমার বড় সাধ জাগে আবার একটা মিছিলে যোগ দেই,
আবার একটা মিছিল হই!
আর সমস্ত অন্যায়ের মস্তিষ্কে আগুনগরম পানি ঢেলে ঢেলে তাকে ভোঁতা থোঁতা বানিয়ে দেই!

আমার বড় সাধ জাগে আবার একটা মিছিলে যোগ দেই,
আবার একটা মিছিল হই!
আর দূর্নীতির হাত পায়ের শিরা-উপশিরাগুলো তার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে শক্ত বেঁধে বস্তায় ঢুকিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে চৌদ্দশিকের মোটা চালের ভাত খাওয়ায়!

আমার বড় সাধ জাগে আবার একটা মিছিলে যোগ দেই,
আবার একটা মিছিল হই!
আর লোভী লালায়িতদের লকলকে জিভটাতে ১০ নং সুঁই দিয়ে এফোঁড়-ওফোঁড় করে নির্লোভের এমব্রয়ডারি করে দেই!

আমার বড় সাধ জাগে আবার একটা মিছিলে যোগ দেই,
আবার একটা মিছিল হই!
আর চরিত্রহীনদের ভ্রষ্ট প্রগলভ চোখেতে প্রখর রোদে পোড়া কচকচে বালি ঢুকিয়ে তাকে অনন্ত অন্ধ করে দেই!

আমার বড় সাধ জাগে একটা মিছিলে যোগ দেই,
আবার একটা মিছিল হই!
আর ভন্ডদের ভণ্ডামো ভরা বুকের ওপর দৌঁড়ে উঠে গিয়ে বুটজুতো দিয়ে লাথি মারতে মারতে তার হৃদযন্ত্রের ক্রিয়াটাই বন্ধ করে দেই!

আবার একটা মিছিল হই!




৩.)
সেদিন

প্রথম কবে কোথায় দেখা হয়েছিল মনে করতে পারো?
দাঁড়াও, বলছি আমি..

কোনো এক শীতের আলো ঝলমলে বিকেলে...
মনমাতানো পরিবেশে জানা- অজানা পাখিরাও হঠাৎ তোমায় দেখে ভড়কে গিয়ে পালাতে লাগল আড়ালে..

ফুটন্ত কুঁড়িগুলো চুপসে গেল ফাটা বেলুনের মতো সব
প্রজাপতির দল অস্ফুটস্বরে বিড়বিড় করে আওড়াতে লাগল কল্পনাস্তব...

আর আমার কথা!
কী বলব!
মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক কথা কইছিল যেন তোমার আগমনের উত্তেজনায়..
চোখে চোখ, হাতে হাত, একটু পর তোমার কাঁধে মাথা রেখে অদ্ভুত স্বস্তির নিশ্বাস; পরম ভালোবাসায়...

তোমার সাথে জুড়ে থাকার ইচ্ছে ছিল যে খুব;
যেমনি করে প্রসূন
সাথে পাতা,
তেমনি করে বাঁধতে চাইলুম
রঙিন স্বপ্নগাঁথা...

সেভাবে রেখেছিলুম তো-
যেভাবে বিছিয়ে রাখে মাকড়সা জাল;
কিন্তু তুমি বোধহয় ভালোবাসার মানেটাই ধরতে পারোনি,
পারোনি বুঝতে অতল আমিটিকে..
বিভীষিকার অন্ধকারে তাইতো
পালিয়ে গিয়েছিলে চুপটি করে;
ফিরে দেখনি পেছনটা একটিবারও
কোথাকার হলো কী হাল!


শনিবার, ১৫ জুন, ২০১৯


- : "রা - স্বা " :-
  ~~~~~~~~~


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিষয় :- " শিশু শ্রমিক "
বিভাগ :- স্বরচিত কবিতা
তারিখ :-  ১৪ /০৬ /২০১৯
কবিতার শিরোনাম :- " মু সালানপুর কয়লা খাদানের বিদ্যাসাগর বাদ্যকর "
#কলমে :- রাসমণি সাহা দেবনাথ

ক'দিন ইস্কুলটোতে যাইতেটো পারি লাই,
বাপ রে বাপ ! তাই বইল্যে মিসটোর এ্যাত্তো রাগ?
আগুতেই বল্ল্যে আসিস নাই ক্যেনে ?
মু' তখনও দাঁত কেলিয়ে হাসতেটোছি...
সিটো দেখে তো মিসটোর আরও রাগ।
বল্ল্যে হাত পাত! মনে হতিছে দমে মারবেইক।।
হাতটো পিছুতে রেখেটো ছিলুম,
মিসটো জোর করে টেনে টো আনলে...
কড়া পড়া, কালশিটে ফোসকাওয়ালা হাত দু'খ্যান লুকাইববক কুথাকে ?
তা বাদে মিসটোর দু'চোখ জলে ভরে টো গেল।।
শাস্তি টো দিলে না, শুধু বল্ল্যে.. 'মাথা উঁচু করে বাঁচতে শেখ,
তোকে আদায় করে নিতে হবে সামাজিক সমাদর।'
বাপ বড় সাধ করে নাম দিয়েছিল বিদ্যাসাগর।।
না - না ই সি বিদ্দ্যের জাহাজ টো লই...
মু' সালানপুর কয়লা খাদানের বিদ্যাসাগর বাদ্যকর।।

বাপ টো রোজের মতো খাদানের নিচে কাজে গেল...
তিন দিন পর লাশ হয়ে উপরটোতে এল।
পুতুলের মতো ছোট্ট বুনু আর মাটো কে লিয়ে ,
সেই থিইক্যে মামার ঘরকে আছি পরাধীন টো হয়ে।
সক্কাল বেলাতে গোডাউনে পেল্লাই মাল লোডিংটো করি,
বিকেলে চায়ের দুকানে কামটো করি।
রেতের বেলায় মন দিয়ে পড়া লিখাটাও করি।।
কেলাস এ্যইটো তে পড়ি, পরীক্ষাতে ভালো পাশটো দি।।
মু একজন শিশু শ্রমিক, গায়ে গতরে খাটি।
আজ নাকি শ্রম দিবস, তাই মালিক দিলে ছুটি।।
ঘটা করে একদিন শ্রম দিবস পরব মানাইবার কি আছে বটে ?
মু'দের জগতটোতে নাই কো আলো, নাই কো আদর....
মু সালানপুর কয়লা খাদানের বিদ্যাসাগর বাদ্যকর।।

আইন তো ঠুঁটো জগন্নাথ আর কানা,
শত শত শিশুর শৈশব টো চুরি হতিছে, দেখতে টো পায় না।
কেউ বাঁধে বিড়ি, কারুর ঠিকানা কাঁচ কারখানা...
কেউ ইঁট ভাটায়, কেউ খাদানে, কেউ বা হয় কুলি।
সমাজের বুদ্ধিজীবীরা চোখে পড়ে আছে ঠুলি।।
সামাজিক শোষণের যাঁতাকলকে জানাই ধিক ধিক ধিক  !
গরব করে বলব মু একজন শিশু শ্রমিক।।
হি মু'রা গায়ে গতরে খাটি,
মু'দের ইজ্জত লিয়ে মু'রা বাঁচি।
মু'দের জগতটোতে নাই কুনো সমাদর।
মু' সালানপুর কয়লা খাদানের বিদ্যাসাগর বাদ্যকর।।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                     

অজ্ঞাত
দালান জাহান

অজ্ঞাত সেই নারী
যাকে প্রথম দেখেছিলাম
একটি রক্তবর্ণ আপেলের উপর
জ্বলন্ত মোমের ফোঁটায় গলে গলে পড়ছে।
যে পালিয়ে এসেছিল
এক বর্ণিল শহরের সমস্ত সুন্দর জ্বালিয়ে
যার স্তনের বোঁটায় লেপ্টে ছিল
উত্তপ্ত সব বুলেটের খোসা।

শুধু মাত্র মানুষের ক্রন্দনে
প্রতিটি সিঁড়ির পাশে যে বসিয়েছিল
সশস্ত্র সৈনিকের কার্তুজ মাথা
ট্যাঙ্ক লরি পিস্টনের শব্দে
কেঁপে উঠেছিল যার হৃদপিণ্ড বুট।

অজ্ঞাত সেই নারী
যাকে দ্বিতীয় বার দেখেছিলাম
রক্তে-মোড়ানো কফিনের পাশে
আগুন-অন্ধকারে কেঁদে ছিলাম
আকাশে মুখ তোলে।

দালান জাহান
29/4/19

বুধবার, ১২ জুন, ২০১৯

Written by Kasturi das


The Coffin

That squeaky stinking old coffin,
That has long been kept aside
For the day of Valentine!
That coffin-
Which has been there amidst all the hatred
And arguments
For love to be crammed into it-
For there's still plenty of love left!

The green & gray death
Colours
That coffin anew
For mesmerizing procession...
But the coffin
Still squeaks and stinks!
The coffin is painted scarlet & saffron,
With the lice of life & civilization inside,
With a waving flag
Fixed with the peg on a corner,
It was the very last peg
Hammered by the old man of love...

The old man
Will be carrying the coffin
Across the world...
To show —
Love & infections co-exist inside...


The coffin is the way
We live,
The way we bear our life
For our life is the same old stuff
Bleeding, stinking, groping for love to cram
Into itself-
The coffin is the way of life!

সন্দীপের কলম পড়ুন


১.)
অভ্যাস

ধুলোমাখা স্মৃতিগুলো যখনি ফিরে পাই
দলা পাকিয়ে রাত নেমে আসে নিঝুম উপত্যকায়
ঘরে জ্বলতে থাকা রাতবাতি থেকে
আদুরে বেহাগ ঝরে পড়ে নরম ঘুমে
টুপ করে ঝিনুকটি ডুব দিলো
 নীলপরীর ডানায় ।

কিন্তু সকাল হলে আর এই স্বপ্নের কথা মনে থাকে না ।

২.)
জোনাকির গান 

তুমি ধানসিঁড়ির ঘাটে কাপড় শুকোবে বলেছিলে না ।

নদী গর্ভে বিলীন হয়ে যাবে সূর্যের ঢেউ
কেউ জানবে না অথচ তুমি আর
রাস্তার কুকুরগুলো অচেতন হয়ে ঘুমোবে এক বিছানায়।

বলোনা “ শীতকাল কবে আসবে সুপর্ণা ” ?

আমি কৌটো ভরে বিস্কুট এনে রাখবো ।।


৩.)
শেষ বেলায়

আসবে বলেছিলে তাই আমি ঘর গুছিয়ে রেখেছি
বইয়ের তাকে পরিপাটি সজ্জা  ।

তোমার পছন্দের রুম ফ্রেশনারের গন্ধে
দেওয়ালের গায়ে যেন ফুল ফুটেছে ।

মন দিয়ে জল দিচ্ছিলাম টবের চারাগাছে
বা সেকেন্ড গুনছিলাম এক এক করে  ।

শুধু বারান্দার আলো জ্বালাতে ভুলে গেছি বলেই
তুমি রাস্তা বদলে ফেলেছো  ।।


৪.)
এই বড়ো ক্লান্তির দিন 

এই ব্রহ্মাণ্ডের আমি কিছুটা জানি

যেমন – গরম চায়ে ফুঁ দিয়ে চুমুক দিতে হয়
প্রেমিকার মুখের উপর চুল উড়ে এলে
তাকে কানের পাশে সরিয়ে দিলেই হলো

খুসখুসে কাশিতে আদা তুলসীপাতা উপকারী
স্বাস্থ্য ভালো রাখার জন্য আট ঘণ্টা ঘুমাতে হয়।

আর লেখা ফুরোনোর আগেই একদিন মরে যেতে হয়

এটুকই  ।



লেখিকা রাসমণি সাহা দেবনাথের কবিতা পড়ুন


১.)
সাম্যের জয় গান

সাম্যের বাণী উৎসারিত যুগ-যুগান্ত ধরে।

সাম্যরব হয়েছে প্রতিধ্বনিত বিশ্বের দরবারে।।


নবী হজরত প্রেমের বাণী বিলোলেন অকাতরে....

খোদার দুনিয়ায় সবাই সমান, ভিন্ন কেহ তো নহে?

জেরুজালেমের কুমারী মা মেরির ছোট্ট শিশু,

'ক্ষমা'-ই পরম ধর্ম শোনালেন ক্রুশবিদ্ধ যীশু!

মানবতার পূজারী তথাগত বুদ্ধ গাইলেন সাম্যের গান।

সন্ন্যাসী নিমাই উদার কণ্ঠে করলেন মানুষের জয়গান।।

রামকৃষ্ণ পরম হংসদেব দেখিয়েছেন ' জীব জ্ঞানে শিব সেবা '- র পথ।

স্বামী বিবেকানন্দ শিকাগোতে বলিষ্ঠ কণ্ঠে বিশ্ববাসীকে দিলেন সাম্যের শপথ।।


কবি চণ্ডীদাস গেয়েছেন তাই...

' সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই '।

বিদ্রোহী কবি নজরুল তাঁর কলমে দিয়েছেন শান।

' গাহি সাম্যের গান,

যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান '।।


তাহলে আজ কেন এত ছড়ানো হিংসার বীজ? কেন এত রক্তক্ষয় !

সুন্দর পৃথিবীর বুকে ক্রমশ বাড়ছে মূল্যবোধের অবক্ষয়।।

অবশেষে এটাই কি ছিল কাম্য ?

হায় রে মনুষ্য জাতি !! এরই নাম 'সাম্য' ?

অনেক পুণ্যের ফলে লাভ করেছি এ'মানব জনম।

এই নাকি আমরা বুদ্ধিমান জীব ? নেই কোন অনুতাপ, শরম !

ধর্মের নামে কেন হানাহানি, কেন এত বিদ্বেষ ?

জীবন একটাই, এসো হাতে হাত ধরে ভুলি সকল ক্লেশ।


সাম্য মানে,

মানুষে মানুষে সকল প্রকার বৈষম্যের অবসান।

সাম্য মানে,

মানুষের মধ্যে পারস্পরিক অধিকার প্রতিষ্ঠা, সমান সমান।।

সাম্য মানে তো তুল্যতা, সাম্য মানে সমতা।

সাম্য মানে দৃঢ় মানব বন্ধন, সাম্য হল একতা।।


২.)


মান বনাম হুঁশ 

প্রতিটা সংবাদ পত্রে এখন একটাই শিরোনাম।

বাদ যাইনি এফ এম রেডিও, টেলিভিশন।।

কম্পিটিশানের চক্র বূহ্যে

প্রথম স্থান দখলের যেন অ-ঘোষিত লড়াই!

ইঁদুর দৌড়ে অভ্যস্ত যান্ত্রিক নরকঙ্কাল গুলোকে টেনে

দল ভারী করতে রয়েছে

অভিনব কায়দায় এস. এম. এস - এর বড়াই।।


আশ্চর্য ! যারা জানতো না, তারাও

জেনে গেল, বলা ভালো

আলোড়ন জাগিয়ে দিল মিডিয়ার ফলাও।।

কিন্তু কী এমন ঘটল?

যার ফলে বিরাট একটা ঝড় বয়ে গেল !!


আজকের যান্ত্রিক সমাজে কেউ পাইলট, কেউ বা আইনজ্ঞ,

আবার কেউ ডাক্তার কিম্বা ইঞ্জিনিয়ার.....

সংকীর্ণ জীবনের দোলায় চড়ে,

অধিকাংশই যে মানবিকতায় একেবারেই অনভিজ্ঞ।।

তাই তো বুদ্ধিজীবীরা করলেন অর্থের বিনিময়ে স্থাপন,

আদর্শ মনুষ্যত্ব শিক্ষা - নিকেতন।

পঠিত হবে মানবিক গুণাবলী।।


ইতিমধ্যেই ব্যস্ত অভিভাবকগণ,

সন্তানদের জন্য ঢেলেছেন বিপুল ডোনেশন।।

ইন্টারনেটে করেছেন অগ্রিম বুকিং..

এ যেন বৈদিক যুগের উপনিষদের রি-মেকিং !!






৩.)
 মানবতার পূজারী 

হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নগরে,

খ্রীঃ পূঃ ৫৬৭ অব্দে জন্ম নিলেন সিদ্ধার্থ, রাজা শুদ্ধোদনের ঘরে।

বিমাতা গৌতমীর স্নেহের পরশে...

বড় হলেন সিদ্ধার্থ প্রাচুর্যে, ঐশ্বর্যে।

মানব জীবনের দুঃখে যুবক সিদ্ধার্থ হলেন কাতর...

দুঃখময় জীবন রহস্য উন্মোচনে অগ্রগামী হলেন অতঃপর।


" বুদ্ধং শরণং গচ্ছামি "...

নিরঞ্জনা নদীর সন্নিকটে প্রদ্যোষ কালে,

পরিব্রাজক সিদ্ধার্থ উপবিষ্ট হলেন অশথ্থ বৃক্ষ তলে।

ইতিহাসের সাক্ষী হয়ে আজও সর্বজনবিদিত  'বোধি বৃক্ষ ' নামে।।

একাগ্র চিন্তায় তিনি হলেন নিমগ্ন, হারালেন বাহ্য জ্ঞান...!!

ঘটল তাঁর সত্যোপলব্ধি, পেলেন জগৎ ও জীবন রহস্যের সমাধান।।


" বুদ্ধং শরণং গচ্ছামি "....

" ধর্মং শরণং গচ্ছামি "....

মনস্থির করলেন, আত্মোপলব্ধির করবেন প্রচার।

তপুসা ও ভল্লুক বণিক দ্বয় প্রথম গৃহী শিষ্য তাঁর।।

সারনাথ নামক স্থানে বৌদ্ধ মতে পঞ্চ সন্ন্যাসী হলেন দীক্ষিত।

বৌদ্ধ ধর্মের ইতিহাসে যা 'ধর্ম চক্র প্রবর্ত্তন ' নামে খ্যাত।।

গভীর তপস্যার দ্বারা লব্ধ জ্ঞানই হল ' চত্বারি আর্য সত্য'।

বৌদ্ধ ধর্মে ' নির্বাণ ' লাভই মানব জীবনের চরম লক্ষ্য।।

রোগ, শোক, ব্যধি, জরা থেকে পরিত্রাণের পথ ' অষ্টাঙ্গিক মার্গ '।

পঞ্চ শীল, সমাধি, প্রজ্ঞা বৌদ্ধ ধর্মের তিনটি অঙ্গ।।


" বুদ্ধং শরণং গচ্ছামি ".....

" ধর্মং শরণং গচ্ছামি "......

" সঙঘং শরণং গচ্ছামি "....

ব্রাহ্মণ্য ধর্মের অত্যাচারে সাধারণ মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত....!!

পরিত্রাতা রূপে আবির্ভূত হলেন তথাগত।

দিকে দিকে ছড়িয়ে দিলেন  'শান্তির ললিত বাণী'.....

উদার জাতিভেদহীন বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হলেন বিদ্বান, দরিদ্র, ধনী।।

তাঁর শিষ্যত্ব গ্রহণ করলেন শ্রাবস্তীর মহাশ্রেষ্ঠী অনাথ পিণ্ডিক,,

ধনী বিশাখা, গণিকা আম্রপালী, চিকিৎসক জীবক, রাজা প্রসেনজিৎ।।


" বুদ্ধং শরণং গচ্ছামি ".....

একবিংশ শতাব্দীতে আজও সমান ভাবে প্রাসঙ্গিক ভগবান বুদ্ধ।

মানবতাবাদের মাধ্যমে বন্ধ হোক হানাহানি, রক্তক্ষয়ী যুদ্ধ।।

সমগ্র বিশ্বে ধ্বনিত হোক উদার বাণী...

" বুদ্ধং শরণং গচ্ছামি "....।।





সোমবার, ১০ জুন, ২০১৯

সাক্ষাৎকার এক্সক্লুসিভ কন্ঠের রাজা






দাদা, জলফড়িং-এর পক্ষ থেকে তোমাকে প্রথমেই জানাই নমস্কার এবং ভালোবাসা।

শিল্পী রাজা দাসঃ- নমস্কার

১.) শুধু রাজা দাস থেকে শিল্পী রাজা দাস এই যে একটা শব্দ 'শিল্পী' বসল নামের আগে, তোমার কাছে এই ব্যাপারটার উপলব্ধি কেমন?


উঃ- এই তো প্রথম উপলব্ধি হল! আমি তো জানতামই না যে আমি শিল্পী। ধন্যবাদ তোমাদের!




২.)  আবৃত্তি কি ছোটো থেকেই করতে নাকি শুরুটা অন্যরকম ছিল?


উঃ- ফার্স্ট্ ইয়ার পড়ার সময় নাটকের প্রয়োজনে আমায় আবৃত্তি শেখানো হয়েছিল। কবিতার
   নাম “ছাড়পত্র”। তার আগে পাঠ্যপুস্তক ছাড়া কবিতা বলিনি কখনও।




৩.) আবৃত্তি কি শেখা যায়? তোমার মতামত জানতে চাই।


উঃ- না, তবে টেকনিক শেখা যায়। তারপর নিজের বোধ আর অভিজ্ঞতা মিশিয়ে মাইক্রোফোনটাকে চিনে অনুশীলন করতে হয়৷




৪.) প্রফেশনালি আবৃত্তি শিল্পী হবে এরকমটা কি আগে থেকেই ভেবেছিলে নাকি এই যাত্রার পিছনে কোনো গল্প আছে, সেটা যদি একটু বলো।


উঃ- না, ভাবিনি আগে। যখন অনেকেই প্রফেশনালি আমাকে যোগাযোগ করে কাজের জন্য, তখন
   ভাবতে শুরু করি যে আমার কাজ অনেকের ভালো লাগে



৫.) শিল্পী রাজা দাস কি মনে করেন, যে সব কবিতা আবৃত্তি হয় না?


উঃ- তার চেয়েও বড়ো কথা, সব কবিতা সবার আবৃত্তি করা উচিত নয় –এমনকি আমারও।






আমার প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়। তাঁর লেখা বলতে না পারলে কষ্ট তো হতই!

            





৬.) চোখ বেঁধে দেওয়া হলো তোমার,বলা হলো টেবিল থেকে  দুটো চিরকূটের মধ্যে একটা তুলে নিতে। তুমি তুললে একটা, যেখানে  লেখা আছে "শ্রীজাত"র কবিতা আবৃত্তি করো, পাশেই দেখলে পরের চিরকূটে লেখা ছিল "জয় গোস্বামী"র কবিতা আবৃত্তি করো, এখন তুমি কিন্তু সেটা তুলতে পারো নি। এবার বলো কোথাও কি তোমার মনে হচ্ছে ইস্ ওই চিরকূট টা যদি উঠত?


উঃ- এ তো প্রেমিকা বাছাই পর্বের মত হয়ে গেল৷ বাছাই পর্ব শেষ হলে মনে হবে আরে ওই
   মেয়েটিই বোধহয় বেশি ভালো ছিল, হা হা!


   প্রশ্নের উত্তরে বলি দুজনের কবিতাই খুব ভালো লাগে বলতে৷ আক্ষেপ থাকবে কেন? আমি
   জীবনে আক্ষেপ খুব কম করি৷


★ এবার তোমাকে এক কথায় উত্তর দিতে হবে।


প্রশ্নের নামঃ- [" তোমার ছোটোবেলা এবেলায় ভেবে দেখ ফের একবার কোনটা চাইতে "]

ক.) যখন তুমি ছোট্ট "রাজা" কোনটা চাইছ
সুকুমার রায়ে'র "ভয় পেওনা" নাকি "সৎপাত্র"


উঃ- ছোটোবেলায় কবিতা বলতাম না।




খ.) একটু বড়ো হলে 'রবিঠাকুরের' "প্রশ্ন" নাকি  "দুই বিঘা জমি"?


উঃ- একটু বড়ো মানে কতো! এইসব কবিতা শুধু পাঠ্য পুস্তকে পড়েছি৷




গ.) এবার বেশ বড়ো তখন 'সুনীল গঙ্গোপাধ্যায়ের' "জিড়ো আওয়ার" নাকি "কেউ কথা রাখেনি"?


উঃ- ফার্স্ট্ ইয়ারের পরে প্রথম কবিতা যেটা বলতাম, সেটা “কেউ কথা রাখেনি”।




৭.) আবৃত্তি করতে  আবহসংগীতের প্রয়োজন কতখানি?


উঃ- আমি পছন্দ করি আবহ কবিতায় –এমনকি যখন একা থাকি কিংবা কোনো সুন্দর আড্ডায়,
আবহ আমার সর্বসময়ের সঙ্গী –ইনস্ট্রুমেন্টাল মিউজিক। তেমনি কবিতা বলার সময় আবহ
   থাকলে বলতে ভালো লাগে।




৮.) একটা লেখা আবৃত্তি করার পূর্বে তুমি সেটাকে আপন করে নাও এটা আমরা জানি। তারপর তোমার আর কতখানি প্রিপারেশনের প্রয়োজন হয় সেটাকে মঞ্চস্থ করার জন্য?


উঃ- আপনমনে আনন্দে রান্না করে খেয়ে নিলাম আর বন্ধু এল, তাকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম –ওটুকুই করি কবিতার বেলায়।



৯.) অনেকেরই লেখায় তো আবৃত্তি করো তুমি, তবে তার মধ্যে এমন একজন প্রিয় লেখক কি আছে তোমার মনে, যার লেখা না আবৃত্তি করতে পারলে তোমার কষ্ট হতো?


উঃ- আমার প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়। তাঁর লেখা বলতে না পারলে কষ্ট তো হতই!




১০.) এফ.এমের কাজ ঠিক কোন সময়টা থেকে শুরু করেছিলে এবং সেই সুযোগ কিভাবে পেয়েছিলে?


উঃ- ২০০৭-এ শুরু। একটি বিজ্ঞাপন বেরিয়েছিল, অ্যাপ্লাই করেছিলাম। ঘটনাচক্রে একজন ছেলেকেই নেওয়া হয়েছিল, সেটা আমি।





১২.) বেশ কিছুদিন তোমাকে আটকে রাখলাম, তোমাকে আবৃত্তি করতে দেওয়া হবে না।
সেই সমস্ত দিন তুমি কিভাবে কাটাবে?


উঃ- বাহ্! সেইদিনটা কবে থেকে শুরু হবে? ততদিন নাহয় আমি স্পনসর খুঁজি।





১৩.) অনেকে বলে গলায় সুর না থাকলে গান হবে না, আবৃত্তির জন্যও কি এরকম কোনো ব্যাপার আছে?


উঃ- আমার মনে হয়, গান হোক বা কবিতা, বোধ না থাকলে কোনোটাই হবে না।




১৪.) অনামী কোনো কবির আবৃত্তি করেছ, ধরো সেই কবি কোনো পুরস্কার পাননি বা স্বীকৃতি পাননি তাও তুমি তাঁর কবিতা আবৃত্তি করলে। নাম বলতে পারবে?


উঃ- বিশিষ্ট কবিরাও ঠিক কী কী পুরস্কার পেয়েছেন আমার জানা নেই। একটু জানিও। আমি শুধু এটুকু জানি এখনও অবধি আমি হাজার তিনেক নতুন কবির কবিতা আবৃত্তি করেছি।




১৫.) এই শিল্পী জীবনটা বেছে নিতে তোমার কোনো প্রতিকূলতা এসেছে বাড়ি থেকে?


উঃ- শিল্পী জীবন এখনও ঠিক তৈরী হয়নি, যেদিন হবে, আমি বলতে পারবো৷




১৬.) এখন অনেক শিল্পী আবৃত্তি করেন আবার তুমি অনেকের প্রিয় শিল্পী। তোমাকে যদি বলা হয় এতো শিল্পীর মাঝে কেন তুমি প্রিয়। তুমি কি উত্তর দেবে?


উঃ- মনে হয়, যেহেতু আমি বিশেষ কিছু জানি না, তবু আমি প্রিয় অনেকের কাছে –এই ব্যাপারটাই বোধহয় আমাকে প্রিয় করে তুলেছে অনেকের কাছে। আবার একই জিনিস অপ্রিয়ও করে৷ শুনছি অনেক -ও আর কি বা জানে!



১৭.) তোমার আবৃত্তি জীবনের সেরা কোনো স্মৃতি যা তুমি আজীবন মনে রাখতে চাও।


উঃ- রবীন্দ্র সদনে প্রথম একক -৪ঠা আগস্ট্, ২০০৯।





★[পছন্দ তোমার]★



১.) প্রিয় রঙঃ- কালো

২.) প্রিয় ঋতুঃ- শীত

৩.) প্রিয় আবৃত্তি শিল্পীঃ- একজন নয়, অনেকেই।

৪.) শিল্পী রাজা দাস যে রাজার কবিতা স্টুডিওর প্রধান । তোমার চোখে সে কিরকম ?


উঃ- প্রধান হিসেবে যার এখনও অনেক কিছু শেখা বাকী।


৫.) আবৃত্তি জীবনে তোমার কোনো আক্ষেপ?

উঃ- এখনও আমি যা চাই, সেইরকমভাবে প্রকাশ করতে পারিনি কবিতাকে।


৬.) এমন কোনো ইচ্ছে যেটার জন্য তুমি অপেক্ষা করছ?


উঃ- হ্যাঁ, কিছু ডাক পেতে তো ভালোই লাগবে৷

৭.) তোমার চোখে তোমার মা?

উঃ- আমার জেদ আর শক্তির উৎস৷

৮.) এখন এই বয়সে একটা সন্ধ্যে তারার নীচে গ্রীষ্মের ছাদে বসে আছো। তোমার "রবিঠাকুরের" আবৃত্তি মনে পরছে বারবার মনে পরছে,তুমি যেন শুনতে পাচ্ছো "হারিয়ে গেছি আমি" নাকি মনে পরছে "জয় গোস্বামীর" লেখা "হৃদী ভেসে গেল অলকানন্দা জলে"!

উঃ- সত্যি বলবো? আমি আমার কোনো অবসরেই কবিতার সঙ্গে কাটাই না, ওকে আমি দূরেই রাখি৷

৯.) তোমার চোখে উর্মিমালা বসু?


উঃ- চিরকালীন “বিভা”৷


১০.) এই পৃথিবীটাকে কীরকম দেখতে চাও?


উঃ- “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”৷



    ------------ধন্যবাদ-------------

★সাক্ষাৎকারটি নিয়েছেন জলফড়িং ওয়েব ম্যাগাজিনের ইন্টারভিউ সেকশন এডিটর সুদীপ্ত সেন(ডট.পেন)।

** তুমি জানোনা **

বিষাদের কাছে নির্জন হতে বসেছিলাম
সে ভালোবেসে জাপটে ধরে বুকে
তারপর বিষবৃক্ষের অরন্যে
আমি ঠিকানাহীন টিকিট ।

দেখোনি কোনোদিন নিঃশব্দের মুখ
আত্ম-বৃত্ত গুলির পরিবর্তন সম্ভব কোনোদিন ?
তাহলে কিভাবে ভেবেনিলে তুমি নুড়ি কুড়োবে
বিষাদ কে অতিথি ভেবেছিলাম ।

সে আজ সহচরী
তুমি জানোনা ।
                                  

বুধবার, ৫ জুন, ২০১৯



তোকে ছাড়া

সায়ন দাস
ইতিহাস ও বাংলার ছাত্র

এখন মনে পড়ছে সেই তোর হাসি মাখা মিষ্টি মুখ
 অপেক্ষায় আছি তোর উদ্যম মুখে সেই মন মাতানো সুখ।
এখন মনে পড়ছে তোর সেই তোর হাসি মুখ
নীল জামার ছবিটায়, 
এখন খুঁজছি তোর অবচেতন মনের সেই বার্তা-
এখন ভাবছি তোর সেই বার্তার মধ্যে কথা।
তোর চুপ থাকায়, স্মৃতিগুলো পাগল করে দেয়।
এখন দেখছি ফুলে ফুলে প্রজাপ্রতির মত দেখি তোর চলাফেরা,
ভ্রমর হয়ে মন তোর খুঁজছি দিশেহারা।
এখন ভাবছি তোর ফিরি কালো কেশির মিষ্টি চোখের ভাষা।
এখন স্বপ্নে আমার ঘরে তোর যাওয়া আসা।
তোর হাসি মুখ আমায় বোঝায় না, নিশ্চুপ থাকা-
বোঝাতে চাইছি মনকে, তবু মন বুঝছে না, তোর নিশ্চুপ থাকা।
তাই নীরবে ঝরে অশ্রু মানে না কোন বাঁধা।
এখন হন্য  হয়ে বসে আছি তোর বার্তার অপেক্ষায়।
হয়তো। হঠাৎ নিভে যাবে, হঠাৎ জ্বলে উঠা প্রেমের রঙ্গিন বাতি।
হবেই বা না কেন, আমি আজও বলতে পারিনি যে- 
আমি শুধু তোকে ই ভালবাসি।
কি করি ভালবাসি বললে, যদি না থাক, সেও বলতে পারছি না যে... 
এখন উল্টিয়ে দেখছি ক্ষুদ্র জীবনের সব গুলোপাতা স্মৃতি, হয়তো সারাজীবন না বলা স্মৃতিই ভেবে যেতে হবে।
তোকে নিয়ে লেখা হয়ে গেল শত কবিতা।
এখনও তোকে নিয়ে লিখছি যত 
আধো মরা তোকে ছাড়া খুঁজে বেড়ায় প্রাণ।
দেখি কতদিন ভেবে যেতে পারি, এখন ভাবছি কবিতা নয়, এবার থেকে লিখব আরো রো গান।।

বিষয়--বৈপ্লবিক দামামা**
এ কোন স্বরাজ****
মোনালিসা নায়েক***
শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য উদযাপন করলেই কি
তাঁদের উদ্দেশ্য স্বার্থক হবে? 
ঐতিহাসিকের পাতায় শুধু বেঁচে আছে রক্তবিন্দুর প্রতিদান,

জীবনবোধের আলো তো এখন ও অন্ধকারে,
বিবাদের আবাদে দেশ মেতেছে সন্ত্রাসে!
আত্মমগ্ন ভোগবিলাসী সমাজে অরাজকতার ঢেউ,
মেধাবী কৌশলে সভ্যতায় নগ্নতার প্রকাশ;
এসব দেখে অবাক লাগে
নিছক -ই ঘটা উদযাপনের,
তাঁদের স্বপ্নে দেশবাসীর মিথ্যে পণ,
দীপ্ত প্রদীপ শিখা লালসার আগুনের আঁচ-
মহত্ব হারিয়ে টিকে আছে খান্ডবদহন,
সর্বহারা মানুষের স্বাধীনতা বৈষম্যের পাতায়!
সমাজ কি দিতে পেরেছে ভালোথাকার অধিকার?
এইভাবে কি শ্রেষ্ঠ জাতির শিরোপা রক্ষা হয়?
মোনালিসা নায়েক।
আরামবাগ।
হুগলী।
পশ্চিমবাংলা।
ফোন-৯৬৪৭৫৫৭৪০৯।
 অনুগল্প:বেলা-অবেলার গল্প
**************************
কলমে : তন্মনা চ্যাটার্জী

তিথি আজ "অধ্যায় পুরান" পড়তে গিয়ে কেমন যেন নিজের জীবনকে মিলিয়ে নিচ্ছিলো প্রতিক্ষণে।।গল্পের চরিত্রগুলো ভীষণ চেনা।ভীষণ কাছের।। পড়তে পড়তে তিথি যেন কখন পেরিয়ে যাচ্ছিল পুরোনো সময়।।গল্পের অধ্যায়ের ছত্রে যে অনুরণন তাতো ভীষণ চেনা।।শুধু শেষটা অন্য হতে চেয়ে একটা এক অদ্ভুত ভাবনায় ভাবিত করে তিথির কল্পনার জগৎকে।।শেষ করে গল্পের সবটুকু অধ্যায়।।এদিকে কখন ঘড়ির কাঁটা বিকেল ছুঁয়েছে বুঝতেই পারেনি সে।। অনেক প্রশ্ন রেখে গেলো গল্পের শেষটা আর প্রধান দুই চরিত্র !! তিথির মন অচেনা অথচ ভীষণ জানা আরেক গল্পকারকে চিঠি লিখতে বসে ।। আজ শুধু তার মনে বহুপ্রশ্নের ঝড় ,তবু সবচেয়ে বড় প্রশ্ন তার প্রিয় গল্পকার কি এভাবেই আত্মপ্রকাশের একটা সময় খুঁজছে !!নাকি চিরতরে আত্মগোপনেই কাটাবে তার নিরলস শব্দচর্চা!!
চিঠিটা পাঠানো হয়না আজও।।তিথি তো ঠিকানাটাই খুঁজছে পুরোনো ডাকবাক্সের বন্ধ ঘরে!!হঠাৎ কোনো দমকা হাওয়ার অপেক্ষায় তিথি তাকায় জানলার বাইরে।। বাইরে তখন সন্ধ্যা নামছে।।দূর থেকে ভেসে আসে শঙ্খধ্বনি।। ইচ্ছেশক্তিকে সঙ্গী করে একবার চোখটা বোজে তিথি।।অভ্যাস অথবা প্রবল বিশ্বাসে।।




: অবগাহন
**********
কলম:তন্মনা চ্যাটার্জী

   প্রথম দেখা হওয়ার স্মৃতিরা ওদের দুজনের মধ্যে আজও অম্লান।। ওরা তমসা ও দীপায়ন।।  একটা সোশ্যাল মিডিয়ায় প্রথম আলাপ, তারপর বন্ধুত্ব।। ওরা দুজনেই ছবি আঁকতে আর লিখতে ভালোবাসে।। তমসা ছবি আঁকলে দীপায়ন মিলিয়ে লিখে দিত কবিতা ।।খুনসুটি আর সখ্যতায় কেটে যাচ্ছিল বেশ।।দুজনে মিলে ঠিক করছিল একটা ছবি-কথার প্রদর্শনীর আয়োজন করবে, আর এভাবেই একে অপরের সাথে কাটাতে কাটাতে ওরা জড়িয়ে পড়েছিলো কোনো এক নাম না জানা সম্পর্কের বন্ধনে।।
   কিন্তু কিছুদিন যাবৎ তমসা লক্ষ্য করে দীপায়ন বেশ কিছুটা দূরত্ব বজায় রাখছে।। কথাই বলে না।।অনেক জিজ্ঞেস করেও কোনো উত্তর পায় না তমসা।।বুঝতে চেষ্টা করেও ব্যর্থ হয়।।

    তারপর হঠাৎ একদিন দীপায়ন একটি ঝড় জলের রাতে তমসাকে ম্যাসেজে জানায় "যোগাযোগ করিস না আর আমার সাথে।।দেখা করাও সম্ভব নয়।।ভালো থাকিস।।"  তমসার চারপাশ অন্ধকার হয়ে আসে।।বহুবার ম্যাসেজ করেও উত্তর পায় না সে।। কি করবে বুঝে উঠতে পারে না।। সকাল হতেই বেরিয়ে পড়ে।।দীপায়নের বাড়ী পৌঁছে দেখে সেখানেও তালা লাগানো।।উদ্ভ্রান্তের মত রাস্তা দিয়ে হাঁটতে থাকে মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে।। একবার সবটুকু সমস্যা আলোচনা করা যেত না ? দুজনে মিলে মোকাবিলা করার একটা চেষ্টা কি করা যেত না? এসব ভাবতে ভাবতেই সন্ধে নামে।। বাড়ি ফেরে তমসা।। সবটুকু ভালো থাকা যেন এক নিমেষে হারিয়ে গেছে ঠিক দিপায়নের মতই।।

   এতগুলো বছর পর মুখোমুখি বসে সবটা যেনো আরও একবার নতুন করে মনে পড়ছিলো দুজনেরই।।নিঃশব্দে আরও কাছাকাছি এসে বসে দুজন কাছের মানুষ।। ওষ্ঠ ছুঁয়ে যায় অধর।।তিন বছর পর প্রথম চুম্বন করেছিল দীপায়ন আর তমসা,অতর্কিতে।। অপাপবিদ্ধ আলিঙ্গনে জড়িয়ে ঠোঁটের ভেতর ঠোঁট গুঁজে চোখ বুজে অনুভব করেছিল দুজনকে।। পুরোনো অভিমানগুলো দূরেই থাক -এটাই বলছিল দুটো মন।। কারণ, কখনও বলা হয়নি কতটা ভালোবাসে ওরা দুজন দুজনকে ।। ভালোবাসা কি ওভাবে মাপা যায় না কথায় ব্যক্ত করা যায়।।আর কখনও ওরা তো মুখ ফুটে বলতেও পারবেনা সবটা অনুভবের কথা ;আর কোনোদিনও...... কারণ ওরা দুজনই মুক ও বধির।।

***************************************************
: বিকেল গুলো আর আসে না 
---------------------------------------
কলমে # সোনালী নাগ
-----------------------------------------
অনেক গুলো স্কুল ফেরত সূর্যডোবা বিকেল তোমার কাছে বাঁধা। 
খুব সিরিয়াস মেয়েটাও সে বসন্তে "রাধা"।
অনেক গুলো পড়ার শেষে খালি রাস্তার খোঁজে - 
একটু ছোঁয়ায় শিহরণ হঠাৎ আঙুলের ভাঁজে! 
অনেক গুলো নিয়ম ভেঙে শাসন রীতিমতো 
ঝগড়া গুলো অকারণে যখন তখন আসতো অবিরত। 
অনেক গুলো সন্ধ্যা এলো খুব ভয়ানক একা 
বুকের মাঝে নরম আদর, আহ্লাদী সুর - - 
'ভীতু মেয়ে, তুই একটা বোকা' 
অনেক গুলো জেগে থাকা রাত, চাঁদের অহংকার 
তোমার অট্টালিকা মজা করে, আমার তখন কুঁড়েঘর! 
স্কুলের শেষে হাত ছেড়ে যায়, এবারেও" নরেশ সেন" 
শরৎবাবু ও নেই এখন, মালতি তাই একাই লড়ে, সাথী কে আর হবেন? 
অনেক গুলো রূপকথা শেষে এবার আষাঢ় এলো 
বিয়ের টোপর জোড়ে দেখি মানিয়েছে বেশ ভালো। 
তোমার ডাইরি লেখা, চিরকুট প্রেম আর খুচরো যতো আবেগ, 
বলেছ নতুন মানুষটাকে? 
যে তোমাকে বুকের মাঝে এখন আগলে রাখে। 
চিঠিতে এবার পাঠিয়ে দেবো ঠিক করা সেই নাম - 
ছেলে হলে প্লাবন দিও, মেয়ে হলে বন্যা, 
কি গো এই টুকু তো দিতেই পারো ভালোবাসার দাম। 
তোমার না হয় সত্যি হলো স্বপ্ন দেখা ভোর, 
আমারটা থাক দিবাস্বপ্ন, আর থাকুক আবেগ নামের একটা মারণরোগ, 
স্কুল ফেরত বিকেল গুলো এখন উধাও শহরে, 
ট্রামের সারি আর আসে না আঁচল উড়িয়ে। 
অনেক গুলো স্বপ্ন ভেঙে এবার একলা হওয়ার পালা, 
তোমার জন্যে সোহাগ রেখে, আমি নিলাম অবহেলা।
 






সংসার সুখের হয় --------------
--------------------------------------
কলমে # সোনালী নাগ 
-----------------------------------------

বাইরে শুধু লড়াই সে নয়, 
সেতো অন্দরে তেও আছে, 
দাপুটে মেয়েও  নিজের ঘরে ভয় তাড়িয়ে বাঁচে, 
চরিত্র নিয়ে টানাটানি হয়তো খুবই সোজা, 
মেয়ে মানেই টানা পোড়েন, 
মেয়ে মানেই বুঝি বোঝা, 
মুখোশ গুলো খুব আপনার, 
হয়তো প্রিয়জন 
বিশ্বাসে যে  বিষ ঢালা আছে, 
তা বোঝে কি মন? 
শাড়ির আঁচল আর 
পোশাকে মেয়ের নাকি মরণ, 
বলো তবে দুধের শিশুর রক্তযোনি,
কি তার কারণ? 
ইচ্ছে ক'রে গুঁড়িয়ে ফেলি দাঁতের গোড়া যত, 
ইচ্ছে করে মুখোশ টেনে হিঁচড়ে আনি  
দিনের আলোয় ইচ্ছেমত, 
অষ্টমীর মা যখন জাগছে মনে মনে, 
কানের কাছে কে বলে যায় -----
"সংসার সুখের হয় রমণীর গুনে "
আর তারপর, 
তারপর তো সবই জানা, 
মেনে নেওয়া মানিয়ে নেওয়া বেদ বাক্য যত, 
নিজেকে বুঝিয়ে চলা দিনে রাতে রীতিমতো, 
দূর্গা কে তাই বছর ভর আসনে তুলে রাখা 
স্বর্গ থেকে নেমে আসা,  
চমৎকারের আশায় বেঁচে থাকা !!!
বস্তা পঁচা এঁদো কথার জাল বুনে যাওয়া মনে 
বদলে নিয়ে লেখো দেখি ----
সংসার সুখের হয় রমনীর খুনে !!!!





রাজকন্যের গপ্পো 
==============
সোনালী নাগ 
--------------------------

কথার টানে কথার পাহাড়, 
কাছে কিংবা দূর, 
রূপকথাতে ছুঁয়ে দেখা নদী সমুদ্দুর !!
রাজকন্যা দৈত্য দানব পক্ষীরাজের দেশে
রাজারকুমার দাঁড়ায় এসে  অন্ধকারের শেষে !!
দুয়ো রানীর দুঃখ থাকুক, সুয়ো রানীর সাধ, 
মন্ত্রী কোটাল হাতিশালের গল্প থাকুক অবাধ !
নটে গাছটা বাঁচুক আরো, বাঁচুক ছেলেবেলা, 
তবু সত্যি ছিলো সে আজগুবি গল্প গুলোর মালা 
মায়ের আঁচল হারিয়ে দেখি, হায় -জীবন নাট্যশালা !!
বড় হবার তাগিদ তাতে মনটা ছোটো হয়, 
অশুভ সব শক্তি গুলো জাঁকিয়ে বসে
 আর  জীবন বয়ে যায়, 
কোন পুকুরে ডুব দেবো? কোন গুহাতে তাকে পাবো? 
মাকড়সার জালে বন্দি, গুমরে মরি তায়, 
দৈতটার প্রাণভোমরা খুঁজে পাওয়া দায় !!
আকাশ কালো সূর্য উধাও এক গ্রহণের ফাঁদে, 
একটু আলোর খোঁজে তাই সকাল সন্ধ্যে এখন জানো,  রাজকন্যা কাঁদে !!!
হঠাৎ সেদিন
সৌমেন দাস

যেদিন তোর কবোষ্ণ বুকে
রেখেছিলাম প্রথম হাত,

বুঝেছিলাম
ঘনিয়ে এসেছে রাত,

বাড়ি ফিরতে হয়েছিল হঠাৎ ...!




 অন্য মোহনা
সৌমেন দাস

একবার ফিরে আয়
দেখবি বারান্দা জুড়ে সেই চেনা গন্ধ
বাগানে এখনও পিউলিরা হাসে
এখনও ছাদের ওই কোণটাতে ঠিকরে পড়ে বিকেল রোদ্দুর
আর ওই বেহায়াটা সকাল-সন্ধে ডাক দিয়ে যায়
পিউ কাঁহা পিউ কাঁহা পিউ কাঁহা পিউ ...

একবার ফিরে আয়
শুধু একবারটি
দেখে যা-না কতই সুখে আছি
ভরা সংসার, টবের মানিপ্লান্ট
আর ওই বেহায়াটাকে নিয়ে ...

তবু
শুধু একবার ফিরে আয়
আমার সঙ্গে এক অন্য মোহনায় ...
 এক বুক আকাশ
 ~~দ্বৈপায়ন চ্যাটার্জী

জানালার ধারে বসে বৃষ্টির কথা ভাবছি,
সে আসবে বলেছিল,এখনো তো এলোনা!
আমি একমনে ভেবে চলেছি ,
হঠাৎ তুমি আসলে,
বৃষ্টির আসার কথা ছিলো,
তুমি এলে,
দেখো আমার চোখে বৃষ্টি নেমে এলো ,
অপ্রত্যাশিত মূল্যবান জিনিস হঠাৎ পেয়ে গেলে বুঝি এভাবেই বৃষ্টি নেমে আসে চোখে!
আমি আকাশের বৃষ্টির অপেক্ষায় সারা সন্ধ্যে কাটিয়ে দিলাম,
বৃষ্টি এলোনা,
তুমি এলে,দেখো বৃষ্টি নেমে এলো।
আমার কাছে এসে আমার চোখ মুছলে,
তোমার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষন,
তুমি অদ্ভুত সুন্দর,
তোমার ওই আঁখিপটে সত্যি ই কি আমারই নাম লেখা আছে,
নাকি অজস্র সৌন্দর্য্যের মাঝে আমি বিলীন!
দুজনে এসে বসলাম পাশাপাশি,
হঠাৎ করে তোমাকে পেয়ে ভুলে গেছি আকাশের কথা,
ভুলে গেছি বৃষ্টির কথা,
ভুলে গেছি মেঘেদের কথা!
তুমি এত সুন্দর,
আদর চাইনা আজ,
সে তো অনেক দামি,
শুধু তাকিয়ে থাকতে দাও,
যেমন করে আকাশের দিকে তাকিয়ে ছিলাম বৃষ্টির আশায়!
তুমিতো আমার আকাশ,
এক বুক আকাশ!





সে বসন্ত আজও আসেনি
     দ্বৈপায়ন চ্যাটার্জী

সে বসন্ত আজও আসেনি
যে বসন্ত আমার ঘুম ঘুম চোখে চুমু এঁকে দিত,
সে বসন্ত আজও আসেনি।
যে বসন্ত আমার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে নিষিদ্ধালাপে বাঁধ সাধতো,
সে বসন্ত আজও আসেনি।
যে বসন্তের রোদের চাদর বিছিয়ে দুজন বসতাম সংগোপনে,
সে বসন্ত আজও আসেনি।
কতো বসন্ত এলো গেলো,
সে বসন্ত আজও এলোনা।
সোনা ছুঁয়ে দিলে ফুল হয়ে যায়,
এমন বসন্তেরা আজও এলোনা।
তারা কি আসতে চায়না!
নাকি তাদের আসতে দেয় না ,
নাকি মাতাল করে রাখে কোনো একান্ততায়!
যাতে পোড়া গন্ধের সাথে মিশে নিজেকে গন্ধহীন না করতে পারে!





নয়ন মেলে
দ্বৈপায়ন চ্যাটার্জী

নয়ন মেলে চেয়ে যে দেখি,নেইগো তুমি হেথা,
পাগল পারা মন যে আমার বৃথাই খোঁজে সেথা,

আকাশ কুসুম ভাবি আমি, অপার যে তার ক্ষেত্র,
সর্বনাশা খিদে আমার ,নয় গো  অল্পমাত্র।

আসবে তুমি হঠাৎ করে এমন মন্ত্রবলে,
সাত টা সাগর পার করবে,সে এক ছলে বলে।

দেখব তোমায় তৃপ্তি করে দু চোখ ভরে ওগো,
একটু না হয় তোমার প্রতি ক্রুদ্ধ আমি হবো।

বলবো তোমায়,ছিলাম আমি মন খারাপের দেশে,
আসতে দেরি করলে কেনো, আমায় ভালোবেসে।

কপাল ছুঁয়ে ঠোঁট দুখানি বলবে তুমি ওগো,
"রইব পাশে এবার থেকে,এবার হাসো, হ্যাঁ গো?"

ঠোঁট ফুলিয়ে মিথ্যে করে, করবো কাঁদার ভান,
আদর করে গান শোনালেই ভাঙবে অভিমান।

আদর টুকুর স্পর্শ পেলেই, তখন  আমি স্বাধীন,
বান ভাসাবো অঙ্গে তোমার,রাত হোক বা দিন!
 #খুব_খুশি
#মুনমুন_মুখার্জ্জী

মালা পড়াশুনা জানে না, লোকের ঘরে বাসন মেজে, রান্না করে কিছু রোজগার করে। খুব ছোটতে মা মারা যাওয়ায় বাবা আর স্কুলে যেতে দেয় নি। তারা যে বাউরী। তাদের পড়তে নেই, দিদির কাছে কোনো মতে সাক্ষর করতে শিখেছিল। প্রেম করে বিয়ে করে তখন খুব বেশি হলে ১৫ বছর বয়স। ছোট থেকেই বাংলোতে কাজ করত। বিয়ের পর বর কাজ ছেড়ে দিতে বললেও ছাড়ে নি ও। ও জানে মেয়েদের হাতে নিজস্ব টাকা থাকা খুব দরকার। একটা ফুটফুটে মেয়ে হয় মালার।মালা তাকে অনেক বড় করার স্বপ্ন দেখে। মেয়ের ইস্কুলে বোর্ডে কি লেখা থাকে বুঝতে পারে না যখন মালার খুব লজ্জা লাগে। মেয়েকে যেন সে রকম লজ্জা পেতে না হয় তাই ওকে প্রায় বোঝায়। কিন্তু মেয়ের বাবা চায় না মেয়ে শিক্ষিত হোক। সে মনে করে মেয়েরা শিক্ষিত হলেই বাজে হয়ে যায়। তাই মেয়ে যখন পড়তে বসে সে মোবাইলে জোরে গান চালিয়ে দেয়। বেশ কয়েকবার বারণ করেও যখন কোনো ফল হয় নি, মালা মেয়েকে শেখায় বাবা যত জোরে গান চালাবে তার চেয়েও জোরে তুই পড়বি। এই  ওষুধ কাজ হয়। এখন মেয়ে পড়তে বসলেই তার বাবা রাগে গজগজ করতে করতে বাইরে চলে যায়। আজ মালা খুব খুশি, মেয়ে স্কুল থেকে মায়ের জন্য একটা সুন্দর গান শিখে এসেছে, ও বার বার মেয়েকে গাইতে বলছে... "মধুর আমার মায়ের হাসি"...





#সম্পর্ক
#মুনমুন_মুখার্জ্জী

কেউ সম্পর্ক রাখে সবার সামনে বুক ফুলিয়ে,
কেউ বা চোরের মত লুকিয়ে লুকিয়ে--

কেউ অন্যায় দেখলে প্রতিবাদ করে ওঠে,
কেউ ভালো সাজতে স্রোতের পানে ছোটে।

কেউ সামনে বলে "তুমি অতুলনীয়, পরম প্রিয়",
সেই পিছনে বলে "ও ভীষণ মিথ্যুক, নাটকীয়"।

সুযোগ সন্ধানেই ঘুরছে তারা, হতে পারে আত্মীয়,
মুখোশ এঁটে মারবে কোপ, যা কিনা অভাবনীয়।

মিষ্টি মিষ্টি কথা বলে মারতে পারে ছোবল,
অন্ধ বিশ্বাসের শাস্তি জোর আঘাত হয় কেবল।




 #কবি_প্রণাম
#মুনমুন_মুখার্জ্জী

তুমি যে আমার প্রাণের ঠাকুর,
আমি যে তোমার চিরপ্রেমিকা,
ছোট থেকে মন করেছি নিবেদন,
তোমা ছাড়া কিছু ভাবতে পারি না।

রাস্তা হারালে অভয় দিয়েছ,
হাত ধরে তুমি পথ দেখিয়েছ,
আকুল হয়ে কাছে যে টেনেছ,
এগিয়ে যাওয়ার সাহস দিয়েছ।

দুঃখ কষ্টে বল দাও তুমি,
জীবন নদীর তরীখানি তুমি
মন জুড়ে শুধু আছো যে তুমি
তোমাকেই তাই দিন রাত নমি।
//আমি এখনও সেই অভিমানী//

আমাদের সম্পর্কটা ছিল এক্কেবারে আলাদা,
হয়তো বা অনেকের মতই কিন্তু আমার চোখে একেবারেই আলাদা।
যাকে এককথায় বলতাম, না দেখেও এতোটা ভালোবাসা যায়!
কেউ কিভাবে পারে এত ভালোবাসতে!
পড়ন্ত এক বিকেল বেলায় সেই যেদিন হাতে হাত রেখে বলেছিলে,
"ভালোবাসো"
আমি একটু যেন অবাকই হয়েছিলাম,
তারপর সেই খোলা হাওয়ায়,একলা প্রান্তরে
অবনমিত মুখেই বলে উঠেছিলাম, "আমিও"
তারপর কত দিনের অপেক্ষা...
আমাদের সম্পর্কটা ছিল এক অপেক্ষার সম্পর্ক,
আসবে আসবে করেও অনেকটা দিন পেরিয়ে যেত,
দীর্ঘ বিকেলগুলো আর কাটতেই চাইতো না,
তবুও দূর থেকেই অনুভব করতাম তোমায়,
একসাথে কাটানো সময়গুলোকে বার বার মনে করতাম,
আর এভাবেই আমার মধ্যে বেঁচে থাকতে
তুমি, তোমার ভালোবাসা,আমাদের ভালোবাসা।
রোজ রোজ নতুন করে প্রেমে পড়তাম,
নতুন এক তুমিকে খুঁজে পেতাম,
তবে অভিমানও হতো খুব,
কিন্তু অভিমানগুলো কত্ত সহজে তোমার গলার স্বরে গলে যেত, আমি বুঝতেই পারতাম না।
ভেবেছিলাম দীর্ঘ এই অপেক্ষার অবসান ঘটবে কোনও একদিন,
আর ঘটেও ছিল শীঘ্রই।
তবে, এই দীর্ঘ অপেক্ষার বিকেলগুলোর মতো
ফিকে হয়েছিল সেই পুরনো প্রেম,
সেই পুরনো তুমি!
প্রথমে ভ্রম বলেই মনে হয়েছিল,
কিন্তু পরে মনে হলো না সবটাই সত্যি।
পরিমাণ বাড়ল সবকিছুর,দেখা করার,কথা বলার
আর কড়াপাকের ঝগড়ার..
অভিমানগুলোও কেমন যেন জেদী হয়ে গেল,
তোমার গলার স্বরে কিছুতেই ভুলতে চায়লো না আর,
নতুন করে চিনতে শেখালো তোমায়।
তবুও নিজেকে বোঝাতাম, একদিন সব ঠিক হয়ে যাবে,
সময়কেও দিয়ে ছিলাম অনেকটা সময়,
কিন্তু তারাও কেমন যেন অচেনা অতিথির মত ধরা দিল না,
দিনের সাথে যত ঠিক ছিল সব ভুল হতে লাগল,
চেনা মানুষকে খুঁজে পেলাম অচেনার গাম্ভীর্যে।
যে তুমিটা ভীষণভাবে আপন ছিলে,
যে তুমিটা প্রত্যেকবার দূর থেকেই এই হাতে হাত রেখেছিলে,
যে তুমিটা মান ভাঙাতে গলার স্বরে আদর করে,
যে তুমিটা বেধে ছিলে পাশে থাকার অঙ্গীকারে,
সেই তুমি অচেনা হয়ে গেলে, কেমন করে যেন বদলে গেলে,
দূর থেকেই যাকে বুঝতাম, বুঝিনা আজ তার কাছে এলে।
তারপর একদিন শেষ সিদ্ধান্তটা নিয়েই নিয়েছিলে,
একবার জানতেও চায়লে না আমি কি চাই?
আর মনের মধ্যে চরম অভিমান পুষে,
আমাকে দোষী সাব্যস্ত করে
অনেক দূরে চলে গেলে,
যেখান থেকে চায়লেও আর ফেরা যায় না কোনোদিন,
যদিও তুমি চাইবে না জানি,
তোমার সুখ আজ মধ্যগগনে,
আমি এখনও সেই অভিমানী...

                                  শিল্পা মণ্ডল





//মুক্তি//

ভালোবেসে শিকল দেবে না বলেছিলে,
শুধু আলগা সুতোয় বেঁধে রাখবে,
আমি যখন গোটা আকাশ ঘুরে এসে ক্লান্ত হব, শ্রান্ত হব,
আদর দিয়ে সব ক্লান্তি মুছে দেবে।
আর যদি না ফিরে আসি সে প্রশ্নও রেখেছিলাম,
বলেছিলে_
আলগা বাঁধন খুলে স্বাধীনতা দেবে,
দূর থেকেই ভালোবাসবে,
বড়ো প্রেম শুধু কাছে টানে না, দূরেও করে!!
আচ্ছা,
তবে এই যাওয়ার কালে কেন এত পিছু ডাকো?
পুরনো সেই ডাকনামে কেন শুধু বেঁধে রাখো?
আজকে কেন আপন স্বার্থে পাল্টে গেছে ভালোবাসা?
এসব বুঝি কথার কথা, বাহানা মনের কাছে আসার?
     
                                                __শিল্পা মন্ডল





কেউ কোনোদিন আমারে তো কথা দিল না..//

কোনো লেকের ধার কিংবা সেই যে ভিক্টোরিয়ার প্রাঙ্গন
বা ধরো পড়ন্ত বিকেল বেলায় নির্জন কোনো রাস্তা,
না, আমাদের দেখা হওয়ার সাক্ষী হবে না আর এরা।
আসলে ওগুলো সব কল্পনার জগৎ, আমি বাঁচি বাস্তবে।
ঘেমো জামা, রুক্ষ চুল, শুকনো মুখ, আর অফিস ফিরতি সেই তুমি,
ওয়াচের কাঁটায় ট্রেন ধরার তাড়া লেগে,
হঠাৎ চোখ পড়ল,
এনামেল করা কালো দুটি চোখের ওপর,

মাঝে আটটা বছরের খরা,

গঙ্গা, যমুনা কিংবা ভাগীরথী কিছুই চোখে বয়ে যাবে না,
না, বুকের ভিতরটাও হঠাৎ করে প্লাবিত হবে না,
শুধু ওষ্ঠে ফুটবে জুঁই, চাঁপা কিংবা সূর্যমুখী,
তুমি মুখ ফিরিয়ে চলে যেতে চাইলেও
আমি লজ্জার ভূষণ ত্যাগ করে তোমার কাছে এগিয়ে যাব,
যে সহজে কুমারীত্বের ভূষণ ছাড়তে পারে
তার কাছে এটা নেহাত কিছু নয়,
"কেমন আছো? কি করো এখন? বিয়ে করলে কবে?"
__এসব প্রশ্ন করে বিব্রত করব না,
শুধু বলবো, "আমি ভালো আছি, খুব ভালো। জানো,
তোমার দেখা সেই অযোগ্য মেয়েটার কাঁধে আজ একটা গোটা বাড়ির দায়িত্ব,
তিন ভাই থাকা সত্ত্বেও বাবা-মা তার কাছেই থাকে,
শুধু বাড়ি না সমাজেও সে একজন প্রতিষ্ঠিত নারী।"
তুমি কিছুই জানতে চাওনি হয়তো,
তবুও আমি জোর করেই জানাবো,
কারণ, সবার সব প্রাপ্তির পিছনে অনেকেরই ভূমিকা থাকে,
আর আমার জীবনে সেই ভূমিকা একমাত্র তোমার,
সেদিন যদি অযোগ্য বলে আমাকে ফিরিয়ে না দিতে জানতেই পারতাম না আমিও আমি হতে পারি।
উত্তরের অপেক্ষা না করেই ফিরে যাব বিপরীতে স্রোতে,
লোকাল ট্রেনের কু-ঝিক-ঝিক শব্দে হারিয়ে যাবে সেই দেখা হওয়ার গল্প,
দূর থেকে ভেসে আসবে পুরনো গানের কলি-
"কেউ কোনদিন আমারে তো কথা দিল না,
বিনিসুতার মালাখানি গাঁথা হইলো না..."
     
                                         _শিল্পা মন্ডল




ভালোবাসা কি এতটাই সুন্দর হয়?//

দু চোখের পাতায় ঘুম নামেনি তার,
জেগে কাটিয়েছে সে সারারাত,
এতদিন যার ছবি কল্পনায় এঁকেছে,
তাকে নিজের হাতে স্পর্শ করবে,
অতল স্পর্শে  ভিজিয়ে দেবে তার শরীর-মন,
ছিটিয়ে দেবে গভীর ভালোবাসার আতর।
ভেবে কেমন মনটা ফুরফুরিয়ে উঠল,
হয়তো ভালোবাসার অনুভূতি এমনটাই হয়।
চাঁদটাকে আজ আশ্চর্য সুন্দর লাগছে,
এমনভাবে তো কোনোদিন তার আলো গায়ে এসে পড়েনি।
রাত্রির অন্ধকারে একটা গন্ধ  ছড়িয়ে আছে,
ভাবতে ভাবতেই ঘড়িতে কাটল রাত,
এইতো বেশ কয়েকবার পাখিদের শব্দ শোনা গেল,
তাহলে নিশ্চয় ভোরের আলো ফুটেছে বাইরে,
কোনদিন সে ভোর দেখেনি।
ভোরের বাতাস কেমন হয় তার অপরিচিত,
গল্পে বহুবার পড়েছে তবে অনুভব করেনি কোনদিন।
এ যেন এক আশ্চর্য অনুভুতি!
নিজের অপছন্দসই কাজগুলো কেমন সুন্দর হয়ে যাচ্ছে।

ওই দূরের আকাশ তার চিরপরিচিত,
কিন্তু এমন গাঢ়তা এমন গভীরতা সে কোনদিনও খুঁজে পায়নি,
এই আলো তার ভালোবাসার মতই স্নিগ্ধ, কিন্তু কই আগে তো চোখ পড়েনি ঐদিকে,
তবে আজকে কেন গোটা পৃথিবীটা হঠাৎ করে এত সুন্দর হয়ে গেল!
সবকিছুতে কেমন একটা মাদকতা ছড়িয়ে ছিটিয়ে আছে,
মনটাকে বসন্তের রঙের মতই যেন ছড়িয়ে দেওয়া যাচ্ছে,
তবে কি ভালোবাসা এতটাই সুন্দর হয়?
প্রেমের পৃথিবী এমনই মুগ্ধ হয়?

                                               ___শিল্পা মন্ডল
 #পথ_দেখাও
#মুনমুন_মুখার্জ্জী

ভোর বেলায় শিশুর আজ ঘুম ভাঙ্গে না,
শোনা তো আর হয় না ঘুম জাগানিয়া,
রাত জাগা মা বাবা ভোর বেলা ঘুমায়,
সকালে উঠে সবাই স্কুলেতে দৌড়ায়।

পেয়ারা, লিচু গাছ চেনার অবকাশ নেই,
কাঠবিড়ালী প্রজাপতির সাথে ভাব নেই।
পারুল দিদি, চম্পা দাদার সাথে হল আড়ি,
স্বপ্নেও আসে না তারা খোকা খুকুর বাড়ি।

সারাদিন পড়া পড়া ভালো যে লাগে না,
গল্প ছড়ার বই কেউ পড়তে দেয় না।
শেখে যদি কবিতা কিম্বা হয়তো গান
জিততেই হব তবে, এসব নয়তো ফান।

শিশুরাই খারাপ আছে তা তো কবি না,
গরীবের বুকেও আছে নানান যন্ত্রণা।
জাতের নামে বজ্জাতি আজও যে চলছে,
ভোটের কেনা বেচায় তারাই যে জ্বলছে।

নারীরা জাগে নি এখনো হলেও শিক্ষিত,
কেউ কেউ স্নেহ মায়ায় হয়ে গেছে হত।
কেউ দিয়েছে চরম মূল্য অধিকার চেয়ে,
কেউ বা নিঃসঙ্গ হল সবকিছুই পেয়ে।

কুসংস্কারের ঘেরাটোপে ব্যস্ত জীবন,
ধর্ম, জাত পাতে দিন দিন বাড়ছে মরণ।
সঠিক পথ দেখানোর মানুষ তো নাই,
কবি তোমার রচনায় যেন পথ খুঁজে পাই।






 পথ_দেখাও_নজরুল
#মুনমুন_মুখার্জ্জী

ভোর বেলায় শিশুর আজ ঘুম ভাঙ্গে না,
শোনা তো আর হয় না ঘুম জাগানিয়া,
রাত জাগা মা বাবা ভোর বেলা ঘুমায়,
সকালে উঠে সবাই স্কুলেতে দৌড়ায়।

পেয়ারা, লিচু গাছ চেনার অবকাশ নেই,
কাঠবিড়ালী প্রজাপতির সাথে ভাব নেই।
পারুল দিদি, চম্পা দাদার সাথে হল আড়ি,
স্বপ্নেও আসে না তারা খোকা খুকুর বাড়ি।

সারাদিন পড়া পড়া ভালো যে লাগে না,
গল্প ছড়ার বই কেউ পড়তে দেয় না।
শেখে যদি কবিতা কিম্বা হয়তো গান
জিততেই হব তবে, এসব নয়তো ফান।

শিশুরাই খারাপ আছে তা তো কবি না,
গরীবের বুকেও আছে নানান যন্ত্রণা।
জাতের নামে বজ্জাতি আজও যে চলছে,
ভোটের কেনা বেচায় তারাই যে জ্বলছে।

নারীরা জাগে নি এখনো হলেও শিক্ষিত,
কেউ কেউ স্নেহ মায়ায় হয়ে গেছে হত।
কেউ দিয়েছে চরম মূল্য অধিকার চেয়ে,
কেউ বা নিঃসঙ্গ হল সবকিছুই পেয়ে।

কুসংস্কারের ঘেরাটোপে ব্যস্ত জীবন,
ধর্ম, জাত পাতে দিন দিন বাড়ছে মরণ।
সঠিক পথ দেখানোর মানুষ তো নাই,
কবি তোমার রচনায় যেন পথ খুঁজে পাই।


#আমার_হৃদয়
#মুনমুন_মুখার্জ্জী

হৃদয় দিয়ে হৃদয়কে সাজিয়ে
হৃদয় করেছি তোমাকে দান,
হৃদয় দিয়েই তোমার কোরো
যদি কখনো করি অভিমান।

ভুল ভেবে ভুলে যেও না
ভুল করে একা কোরো না,
ভুলটা আমিও করতে পারি
ভেঙে দিতে যেন ভুলো না।

তোমাকে ছাড়া জীবন বৃথা
তোমাতেই আমার মনটা গাঁথা,
তুমি ছাড়া এ জগৎ আঁধার
তুমি মুখ ফেরালে পাব ব্যথা।

হৃদয়ে আমার এমনি থেকো
ভুলের দরজা বন্ধ রেখো,
তোমার সাথেই আমার সুখ
হৃদয়ে তোমার আমায় রেখো।





 #মেঘবালিকা
#মুনমুন_মুখার্জ্জী

সুনীল আকাশে মেঘের ভেলা
মেঘবালিকা করছে খেলা,
আকাশগঙ্গা পাড়ি দেবে সে
জলনুপুর পায়ে রুনুঝুনু বাজে।

বাতাসের সাথে হাত মিলিয়ে
বৃষ্টি হয়ে ঠিক আসবে ধেয়ে।
ধুয়ে দেবে ধরার যত কালিমা
প্রতিষ্ঠা হবে এবার তার মহিমা।

ফুলে ফলে ধরা সাজবে নতুন
মেঘবালিকার স্বপ্ন হবে পূরণ।
সবাইকে আনন্দ দিয়ে শেষে
সমুদ্রের সাথে সে মিলবে হেসে।



জন্মস্থান
বিদিশা নাথ
অতঃপর একটি মধ্যবিত্ত পরিবার জন্ম নিল অবশেষে,
আঠেরোর আগে  সিঁদুরের ছাপ বড্ড কড়া, বড্ড নিষেধ,
পঁচিশেতে পা সেই নিষেধ-ই কুড়িতে বুড়ি নির্বিশেষে।
দেওয়ালের গায়ে সিঁদুরের ছাপ;ড্রেসিং টেবিল আঠালো টিপে ঢাকা,
বাবা ফেরে রাত দশটায় ঠিক,
তাস-আড্ডায় সন্ধে গুলো ঢাকা।
বিচ্ছিরি খুব,বিচ্ছিরি বোস-গিন্নির মেয়ের মুখে ধোঁয়া,
ছেলে আমার সোনার আংটি,
বউ-এর গয়না যতই যাকনা খোয়া।
সুগার, প্রেশার,কোলেস্টরল এ জর্জরিত দেওয়াল তাক।
মিত্রবাবুর নতুন ফ্রিজের EMI হিসেব জানতে হবে;
তাই বাড়িতে চুনলেপ্টা তোলাই থাক।
মধ্যবিত্তের বড়ই জ্বালা:
নিয়ম নিকেশ মেনে চলতে হয়,
মধ্যবিত্তের বড়ই যাতন; প্রতিবেশীর মান রাখতে হয়।
না-এর বাধা পেরিয়ে এসে ,
যুগের নতুন জোয়ারে ভেসে চলতে- সে তো পারবে না,
মধ্যবিত্তে পড়লে শেষে,সমাজ গলা ধরবে ঠেসে,
চোখ রাঙানি এড়িয়ে চলা (ওদের ভাষায়) "ধর্মে নাকি সইবে না"।

...................

 নারীত্ব
~বিদিশা নাথ
সে বড় নারীপ্রিয় নাকি নারীত্ব-প্রিয়?
এই হিসেব এর বেড়াজাল জড়াচ্ছে তাকে বছর পনেরো হতেই,
গোঁফের রেখা ওঠার আগে তাকে মনে রাখতে হয় স্বপ্নদোষের সংখ্যা।
"বীনা দি কি সুন্দর টিপ পড়ে আর কাজল আঁকে চোখে"।
এ কথা বলাটাও পাপ।
"আমার ভালো লাগে না মাঠে জড়া জড়ি ,
আমার ভালো লাগেনা কাদা"।
বলিস না ,বলিস না যে তোর ভালো লাগে গলা সাধা।
"আমি অন্যরকম আমি বুকের ভিতর নরম পালক স্তন খুঁজে ফিরি"।
"আমি লজ্জা পাই নগ্ন দেহে পুকুরে ঝাঁপ"।
ওরা কি তাই কঠোর হাসিতে ছুঁড়ে দেয় পুরুষত্বের বীর্য?
ওরা কোনঠাসা করে আমায় যন্ত্রনায়?
আমি নারী না নারীত্ব প্ৰিয় সব গুলিয়ে যায়।
"তোর রোম ছিঁড়ে তোকে পুরুষ বানাব আজ"।বলে হুঙ্কার দেয় লিঙ্গের ধ্বজাধারী,
বাবা মা দূর দূর করে ভূত ছাড়ায়।
হয়ত এসব সবই জন্মহিসেবের ভুল-এর অনুতাপ।
মৃত্যু আসুক  এক ঢোক তরল হয়ে ,
না পাওয়া নারীত্বের মাতৃ দুগ্ধ হয়ে,
মৃত্যু এসে বুঝিয়ে দিক আমি নারী না বাঁচতে চাওয়া মানুষ দেহের এক শব?






" রোগ "
~বিদিশা নাথ
রোগ বাড়তে বাড়তে ত্বকের উপর স্তর ছেড়ে,
ঢুকে গেছে অলিন্দ ছাড়িয়ে অনেক অভ্যন্তরে।
যে লোক দেয়নি দেখা বছরভর; যে ভীষণরকম কুঁড়ে,
সুখের চাবি হাতে পেতেই  ভিড় জমাল পুরানো চাবির জোরে।
কাটাছেঁড়া শেষ হল না,পুরানো হল না আলাপ সঙ্গোপন,
তবু সে মুখ ফিরাল হঠাৎ ,চেনাপথ হল ব্রাত্যজন।
লালচে শিরা,ফুলে ওঠা চিবুক কালশিটে হল হাত,
'ভালোবাসি তবু' ঠোঁটে ফুটল না আর,
হল সেদিন-ই এই রোগের সাথে মোলাকাত।
আমি আজকাল আসা যাওয়া গুনি,
নামতা গাই,অঙ্ক কষি,কাটানো সময়ের ধারাপাত।
নামহীন বিড়বিড়, একলা দুপুরে দিন ঢোকে না আর ;শুধুই মধ্যরাত।
আমায় রোগ প্রেসক্রিপশনের অক্ষর-ধাঁধা খুঁজে মরে,
'তবু ভালোবাসি' বলে হৃদয় জেগে উঠল না আর,
কর্কট ক্ষত ছড়িয়ে গেছে অনেক ভিতরে।
চোখের কোণের আঁচিল তোমায় খুঁজেছে,
বয়সের শীর্নতাও চেয়েছে তোমায়।
যাবার আগের শেষবার টুকু বলে দাও,
এই রোগ সারাবার অন্তিম উপায়।





" গাছ "
~বিদিশা নাথ
আমরা একে অপরকে একটা গাছ ভাবি,
মাটিতে নিজেকে ছড়িয়ে দিয়ে আষ্টেপৃষ্ঠে বেঁচে থাকা একটি গাছ।
তুমি কান্ড ডালপালা হলে আমি হই শিকড়,
তুমি মাটি থেকে শুষে নাও বেঁচে থাকার সুখ,
আমি তোমার ঝরে পরা ডাল-পাতা আহরণ করে,
বুনে চলি প্রকৃতিতে বেঁচে থাকার সালতামামি।
আমি লতা হয়ে তোমায় কক্ষনও জড়াই না,
তুমিও মুক্ত আকাশে মেলে দাও তোমার পরিধি।
বাতাস চুপ করে শোনে তোমার পাতার সরাসরানি,
পাখিরা বাসা খোঁজে তোমার শান্ত দেহে।
আমি তখন নিঃশব্দে তোমায় ধরে রাখি,
তোমায় বেঁধে রাখি।
আমি বিবর্ন হতে হতেও
অপেক্ষা করি তোমার।
কবে সোনালী উজ্জ্বলতার মোহ পেরিয়ে,কালো  মেঘের নেশা পেরিয়ে,
তুমি সেই মাটিতে এসে মিশবে।
আমরা একসাথে নতুন করে গাছ হবো আবার।


...............................

মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

লেখিকা চয়নিকা যশের কবিতা


১.)
তোমায় দেখবো বলে

প্রতি রাতে আমি
তোমার ঘুমিয়ে যাওয়া অব্দি
অপেক্ষা করি।
ঘুমন্ত মুখটা অন্ধকারে স্বচ্ছতোয়া নদীর মতো টলটল করে,
আমি স্পষ্ট দেখতে পাই।
একটা নিষ্পাপ, ভাঁজহীন মুখ।

জেগে থাকলে মানুষ বড় নিজের কথা ভাবে,
বড্ড স্বার্থপর হয়ে যায়।
আমি তাই ঘুমন্ত তুমিকে রাত জেগে
স্বার্থপরের মতো একা একা দেখি।
তুমি তখন আকাশ হয়ে যাও,
আর আমি সামান্য চাতক।

২.)
সময় পেরোলে

একটা সময়ের পরে
রাগ অভিমান এগুলো ফুরিয়ে আসে।
যেমন এক নাগাড়ে জ্বলতে থাকা
প্রদীপ কিংবা বাতি,
শেষ হওয়ার আগে দাউদাউ আগুন হয়ে,
একটা সময় হঠাৎই ঝুপ করে নিভে যায়।
আসলে যে অনুভূতি যত প্রবল,
যত দুর্নিবার,
যার তীব্রতা যত বেশি,
সে হয়তো ততই ক্ষণস্থায়ী।
তাই একটা সময় পরে
সব নিভে যায়,
প্রদীপ, ঘৃণা অথবা ভালোবাসা।

৩.)
ভালোবাসার দিব্যি

আমি তোমায় মিথ্যে বলেছি।
সেই শুরু থেকে মিথ্যে বলে গেছি।

এই যে বারবার বলেছি,
তুমি যেতে চাইলে চলে যেও,
আটকাবো না কখনো,
এ যে কি সাংঘাতিক মিথ্যে জানো!
প্রতিটা মুহূর্তে আমি ভেবেছি,
তোমায় কী করে আটকে রাখা যায়,
বেঁধে রাখা যায়।

কতবার বলেছি, অন্য কাউকে ভালোবাসলে আমায় বলো।
মনে মনে আপ্রাণ চেষ্টা করে গেছি
গোটা পৃথিবীর থেকে তোমায় লুকিয়ে রাখার।

বারবার বলেছি তুমি দূরে গেলে
আমি দূর থেকেই ভালোবেসে যাবো।
কিন্তু আকুল হয়ে কাছে থাকার
প্রতিটা সম্ভাবনাকে হাতড়ে গেছি নিঃশব্দে।

আরও কত টুকরো টুকরো মিথ্যে দিয়ে
ভালোবাসার তাসের ঘরটা বানিয়েছি।
যেখানে ভালোবাসা বাদে
বাকি সবটা মিথ্যে, প্রবল মিথ্যে।